বৃষ্টিতে ভাসল নির্ণায়ক টি-২০
  • ১৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: উত্তেজক আবহে জল ঢালল প্রকৃতি। বৃষ্টির কারণে ভেস্তে গেল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের নির্ণায়ক ম্যাচ। ফলে ২-২ ড্র হল পাঁচ ম্যাচের এই সিরিজ। 

Advertisement

বৃষ্টির কারণে শনিবার ম্যাচ শুরু হয়েছিল দু’ঘণ্টারও পরে। ওভারসংখ্যা কমে দাঁড়ায় ৯। ফের বৃষ্টি আসার সময় প্রথমে ব্যাট করতে নেমে ৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের স্কোর ছিল ১১৮। কিন্তু শাই হোপের দল রান তাড়ার সুযোগ পায়নি। প্রবল বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ওয়েস্ট ইন্ডিজ যদি পাঁচ ওভার ব্যাট করত, তাহলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে টার্গেট দাঁড়াত ৮৪।
টস হেরে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার শুরুটা ভালো হয়নি। পঞ্চম বলেই ফেরেন অভিষেক শর্মা (৬)। অপর ওপেনার সঞ্জু স্যামসনও (৭ বলে ১৬) বেশিক্ষণ থাকেননি। তবে তিনে নামা ঈশান কিষান ধরা দেন বিধ্বংসী মেজাজে। ১০ বলে তাঁর সংগ্রহ ৩০। তিনটি চার ও দু’টি ছক্কা মারেন তিনি। ক্যাপ্টেন শ্রেয়স (১৪ বলে ২২) আয়ার যদিও সেরা ছন্দে ছিলেন না। সুযোগ দিয়ে একবার বেঁচে গেলেও তা কাজে লাগাতে ব্যর্থ তিনি। তিলকও (৬ বলে ৭) হতাশ করেন। তবে নমন ধীরের (৬ বলে অপরাজত ২৪) দাপটে ভারতের স্কোরবোর্ড পৌঁছায় ১১৮ রানে। তিনটি ছক্কা ও একটি চার মারেন নমন। ক্যারিবিয়ানদের হয়ে দু’টি করে উইকেট নেন শামার স্পিঙ্গার ও কিমো পল।   
এদিন প্রথম এগারোয় প্রত্যাবর্তন ঘটে ভুবনেশ্বর কুমারের। ২০২২ সালের নভেম্বরে শেষবার এই ফরম্যাটে দেশের জার্সি গায়ে চাপিয়েছিলেন তিনি। ১০৪ টি-২০ হয়ে গিয়েছে এরমধ্যে। তারপর নীল জার্সিতে মাঠে নামলেন ৩৬ বছর বয়সি। যদিও বল করার সুযোগ পাননি তিনি। টিম ইন্ডিয়ার প্রথম একাদশে এদিন আরও একটি পরিবর্তন ঘটে। দলে আসেন শিবম দুবে। বাদ পড়েন মায়াঙ্ক যাদব ও নীতীশ কুমার রেড্ডি।