নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির মাত্রা কমবে। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের পাহাড় ও সংলগ্ন এলাকায় বেশি মাত্রায় ঝড়বৃষ্টি আগামী কয়েকদিন চলবে। সেখানে আজ ও কাল ঝড়বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ দেওয়া হয়েছে। মঙ্গলবার এর তীব্রতা আরও কিছুটা বাড়তে পারে। তাই সেদিনের জন্য দেওয়া হয়েছে ‘কমলা সতর্কতা’। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিংয়ে ওই দিন ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় ও ভারী বৃষ্টিপাত হতে পারে।
দক্ষিণবঙ্গ ও লাগোয়া বাংলাদেশের উপরে থাকা ঘূর্ণাবর্তটি উত্তরবঙ্গের দিকে সরে গিয়েছে। তবে একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে দক্ষিণ ভারত পর্যন্ত বিস্তৃত আছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করবে। তাই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির মাত্রা কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে তা চলবে। মঙ্গলবার ঝড়-বৃষ্টি কিছুটা বেশি হতে পারে দক্ষিণবঙ্গেও।
শুক্রবার রাতের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শক্তিশালী বজ্রমেঘ সৃষ্টি হয়। কলকাতা ও লাগোয়া এলাকায় তার প্রভাব পড়ে। প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে বারাকপুরে শুক্রবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত সবথেকে বেশি ২৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বেশি রাতের দিকে উত্তর শহরতলির দমদম এলাকায় ঘণ্টায় ৬১ কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝড় হয়েছে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডাতে ২৭ মিমি, ঝাড়গ্রামে ২৪ মিমি বৃষ্টি হয়। কলকাতার আলিপুরে ১০.৪ মিমি ও দমদমে ১৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হয়েছে। এখানে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারে (৪১ মিমি)। ঝড়বৃষ্টিতে গরম কিছুটা কমেছে কলকাতা সহ বিভিন্ন জায়গায়। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা (৩১.২ ডিগ্রি) স্বাভবিকের থেকে ৩ ডিগ্রি কম ছিল। সর্বনিম্ন তাপমাত্রাও (২০.২ ডিগ্রি) ছিল স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কম। এদিন দুপুর থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। উত্তর ২৪ পরগনা, নদীয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায় রয়েছে ঝড়বৃষ্টির ‘কমলা সতর্কতা’।