নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আপাতত রাজ্যের উপর কোনো নিম্নচাপ নেই। তবুও আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টি হবে। বজ্রগর্ভ মেঘ থেকে। বজ্রপাত ও জোরালো হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা আছে কিছু জায়গায়। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে কয়েকদিন আগে সৃষ্ট এক নিম্নচাপ থেকে প্রবল বৃষ্টি হয়েছে। তাতে দক্ষিণবঙ্গের কিছু অংশে বন্যা পরিস্থিতিও তৈরি হয়। সেই নিম্নচাপটি রবিবার দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশের উপর ছিল। এর প্রভাবে পশ্চিম উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে বেশি বৃষ্টি হয়েছে। তার আগে নিম্নচাপটির জন্য বেশি বৃষ্টি হয়েছে ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজস্থানের গঙ্গানগর থেকে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখাটি এদিন দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের উপর ছিল। গুজরাত থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখাও পশ্চিমবঙ্গের উপর আছে। এসব কারণে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করে বিভিন্ন জায়গায় বজ্রমেঘ তৈরি করছে। যেখানে বজ্রমেঘ তৈরি হচ্ছে বেশি বৃষ্টি হয়েছে সেখানেই। রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে বীরভূমের নলহাটিতে ৬৪ মিমি, সল্টলেকে ৫০ মিমি, কলকাতা (আলিপুর) ৪৭ মিমি এবং দমদমে ৩৬ মিমি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যত্র এইসময়ে বিশেষ বৃষ্টি হয়নি। পরে রবিবার সারাদিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রমেঘের সৃষ্টি হয়।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সোমবার পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কোনো কোনো স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাত এবং জোরালো হাওয়ার সঙ্গে ব্যাপক বৃষ্টিও হতে পারে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার কিছু স্থানে। মঙ্গলবারও ভারী ও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা আছে দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায়। উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজ ও আগামীকাল।