নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: অবশেষে চরম স্বস্তির বৃষ্টি গৌড়বঙ্গে। এক লাফে তাপমাত্রার পতন হল অনেকটাই। কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই স্বস্তি দীর্ঘস্থায়ী না হওয়ার সম্ভাবনাই বেশি। ১০ জুনের পর থেকে আবার তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে।
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: অবশেষে চরম স্বস্তির বৃষ্টি গৌড়বঙ্গে। এক লাফে তাপমাত্রার পতন হল অনেকটাই। কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই স্বস্তি দীর্ঘস্থায়ী না হওয়ার সম্ভাবনাই বেশি। ১০ জুনের পর থেকে আবার তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে।
শনিবার সকাল ৯টার পর থেকে মালদহের আকাশ কালো হয়ে আসে। প্রায় ৪৫ মিনিট বৃষ্টির পর এক ধাক্কায় কমে যায় তাপমাত্রা। জেলা আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন মালদহে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২৮ মিলিমিটার। জেলা আবহাওয়া দপ্তরের পদস্থ আধিকারিক তপনকুমার দাস বলেন, কয়েক দিন মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছিল ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কিন্তু এদিন বৃষ্টির পর সর্বোচ্চ তাপমাত্রা নেমে যায় ৩১.৬ ডিগ্রিতে। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা প্রায় সাত ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা এই সময় স্বাভাবিক।
তপনবাবু বলেন, ১০ জুন পর্যন্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত্ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর গরম বেড়ে যাওয়ার সম্ভাবনা।
কয়েকদিনের চাঁদিফাটা রোদ, দাবদাহের পর বিক্ষিপ্ত ঝড়বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রায়গঞ্জ শহর ও পার্শ্ববর্তী এলাকায়। শনিবার ভোর থেকে মেঘাচ্ছন্ন থাকার পর কয়েক ঘণ্টার বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ায় কমেছে তাপমাত্রা। গত কয়েকদিন রায়গঞ্জে তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছুঁয়েছিল। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ এবং সর্বনিম্ন ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।
ভারী বৃষ্টির জেরে স্বস্তিদায়ক আবহাওয়া দক্ষিণ দিনাজপুর জেলাতেও। শনিবার সকালে মুষলধারে বৃষ্টি নামে জেলার বিভিন্ন এলাকায়। যার ফলে তীব্র গরমের হাত থেকে আপাতত রেহাই পেল জেলাবাসী।
মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, বালুরঘাট সহ আশেপাশের এলাকাগুলিতে ১১.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যার ফলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে নেমে ৩১.৮ ডিগ্রিতে পৌঁছেছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষক সুমন সূত্রধর বলেন, কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই তাপমাত্রা খানিকটা কম থাকবে।