নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আপনি পেশায় চাষি, অথচ জমি নেই। জমি পেলে চাষ করবেন। আপনার জন্য মুশকিল আসান করতে হাজির ভারতীয় রেল। চাষবাসের জন্য রেল নিজের জমি লিজে দেবে চাষিদের। ভারতীয় রেলের অভিনব এই উদ্যোগের সূচনা হয়েছে রেলশহর চিত্তরঞ্জনে। যে সব মানুষ বা সংস্থা রেলের জমিতে ধান, ভুট বা গম জাতীয় খাদ্যশয্য ফলাতে চান তাঁদের স্বাগত জানিয়েছে সিএলডব্লু কর্তৃপক্ষ। শুধু খাদ্যশস্যই নয়, সবজি, ফল, ভেষজ উদ্ভিদও লাগাতে পারেন রেলের লিজ দেওয়া এই জমিতে। মঙ্গলবার ইচ্ছুক মানুষদের নিয়ে একপ্রস্থ বৈঠক করেছে সিএলডব্লু কর্তৃপক্ষ। সিএলডব্লু শীর্ষ আধিকারিকরা বৈঠকের বিষয়টি স্বীকার করে নিলেও প্রকাশ্যে এনিয়ে কোনো মন্তব্য করতে চায়নি।
বাংলা ঝাড়খণ্ড সীমানায় থাকা রেল শহর চিত্তরঞ্জন রাজ্যের অন্যতম সেরা পরিকল্পিত শহর। এক সময়ে ১৮ হাজার স্থায়ী রেল কর্মী ও তাঁদের পরিবারের আবাসস্থল এই শহর এখন প্রায় ধ্বংসের মুখে। নতুন নিয়োগ নেই। বহু মানুষ অবসর নিয়ে নেওয়ায় কর্মী সংখ্যাও অনেক কমেছে। শহরের বিস্তীর্ণ অংশ জুড়ে ভগ্নপ্রায় বন্ধ কোয়াটার। ধারাবাহিক অভিযান চালিয়ে, শহর জবরদখল মুক্ত হওয়ার পর রেল শহর যেন আরও একাকি। রেলের জমি দখল করে খাটাল, চাষ করা মানুষদের ইতিমধ্যেই উচ্ছেদ করেছে রেল প্রশাসন। এর ফলে দুধ থেকে সবজি সবকিছু পেতেই সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে সিএলডব্লুর সিআরএমসি শ্রমিক সংগঠনই কর্তৃপক্ষকে জমি লিজ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তাঁদের যুক্তি ছিল, ফাঁকা জমি, অদূরেই ঝোপ, জঙ্গলে ঢাকা পড়বে। তাতে শহরের নিরাপত্তায় উদ্বেগ তৈরি হবে। সেই জমিতেই যদি চাষ হয় তাহলে শহরে অন্তত সস্তায় জিনিস পাওয়া যাবে। কংগ্রেসের শ্রমিক সংগঠনের এই প্রস্তাব গ্রহণ করে রেল কর্তৃপক্ষ। ডেপুটি জেনারেল ম্যানেজার পদমর্যাদার একজন আধিকারিক এনিয়ে মঙ্গলবার সিএলডব্লুর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকও করেন।
সিআরএমসির সাধারণ সম্পাদক ইন্দ্রজিং সিং বলেন, ফাঁকা জমিতে চাষ হলে মানুষের উপকারই হবে। গরিব মানুষ যেমন কর্মসংস্থান পাবেন, তেমনই অপরাধপ্রবণতাও কমবে। প্রয়োজনীয় সামগ্রী পেতেও সুবিধা হবে। যদিও এই দাবি মানতে চায়নি সিটু। সিএলডব্লু লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজীব ঘোষ বলেন, আগে আদিবাসীদের চাষের জমি নিয়েই কারখানা গড়ে উঠেছিল। সেই জমিই আবার চাষের জন্য লিজ দেওয়া হচ্ছে। আমরা মনে করি এই জমিতে অনুসারী শিল্প আনলে বহু সংখ্যাক কর্মসংস্থানের সুযোগ তৈরি হত।
আত্মঘাতী বৃদ্ধা: মন্তেশ্বর থানার কাইগ্রামে রোগযন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা। মৃতার নাম প্রতিমা বসু(৬৬)।। মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত করা হয়।