


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কোভিড কালের পরেই দেশে বৃদ্ধি পেয়েছে ট্রেনের জেনারেল কোচে জার্নির সংখ্যা। জানা যাচ্ছে, সাধারণ যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই অতিরিক্ত প্রায় ১৭ হাজার জেনারেল কোচ তৈরি করছে রেলমন্ত্রক। যদিও সার্বিকভাবে রেলের অন্যতম প্রধান ‘ফোকাস’ থাকছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উপরই।
রেলের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে যে, কোভিড কালের পরবর্তী তিনটি আর্থিক বছরে সারা দেশে ট্রেনের নন-এসি জেনারেল এবং অসংরক্ষিত কোচে ভ্রমণ করেছেন মোট ১ হাজার ৮১৩ কোটি রেল যাত্রী। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২০২২-২৩ আর্থিক বছর থেকে ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত এই সংখ্যা ক্রমশ বেড়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে এই সংখ্যা ছিল ৫৫৩ কোটি। পরের দুটি অর্থবর্ষে এই দুটি সংখ্যা যথাক্রমে ৬০৯ কোটি ও ৬৫১ কোটি। একইসঙ্গে রেলমন্ত্রকের খতিয়ান থেকে দেখা যাচ্ছে যে, শুধুমাত্র ২০২৪-২৫ আর্থিক বছরেই যাত্রী চাহিদা মেটানোর জন্য বিভিন্ন দূরপাল্লার ট্রেনে ১ হাজার ২৫০টি জেনারেল কোচ জুড়তে হয়েছে। প্রসঙ্গত, এই মুহূর্তে রেলের মোট ৮৯ হাজার কোচ রয়েছে। এর মধ্যে জেনারেল এবং স্লিপার মিলিয়ে মোট নন-এসি কোচের সংখ্যা প্রায় ৬২ হাজার।