Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সময় পার, বাসুদেবপুরে জবরদখল হঠাতে বুলডোজার নামাল রেল

সময়সীমা শেষ হতেই পূর্ব নির্ধারিত সূচি মেনে নামল রেলের বুলডোজার। সামশেরগঞ্জ থানার অন্তর্গত বাসুদেবপুর স্টেশন সংলগ্ন রেলের জমিতে দীর্ঘদিন ধরে জাঁকিয়ে বসা বেআইনি নির্মাণ ও দোকানপাট গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

সময় পার, বাসুদেবপুরে জবরদখল  হঠাতে বুলডোজার নামাল রেল
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: সময়সীমা শেষ হতেই পূর্ব নির্ধারিত সূচি মেনে নামল রেলের বুলডোজার। সামশেরগঞ্জ থানার অন্তর্গত বাসুদেবপুর স্টেশন সংলগ্ন রেলের জমিতে দীর্ঘদিন ধরে জাঁকিয়ে বসা বেআইনি নির্মাণ ও দোকানপাট গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। নির্দেশ অমান্য করে জবরদখল বজায় রাখা রুখতেই সোমবার সকাল থেকে কোমর বেঁধে ময়দানে নামে রেল পুলিশ ও প্রশাসন। উচ্ছেদকে কেন্দ্র করে দিনভর চাঞ্চল্য ও চাপা উত্তেজনা ছড়ায় এলাকায়।

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, বাসুদেবপুর স্টেশন সংলগ্ন জমি দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে দখল করে রাখা হয়েছিল। গড়ে উঠেছিল একাধিক স্থায়ী ও অস্থায়ী দোকান। কিন্তু ওই এলাকায় রেলের নিজস্ব রাস্তা সম্প্রসারণ এবং বাসুদেবপুর রেল আন্ডারপাসের কাজ দ্রুত গতিতে রূপায়ণ করতে এই জমি ফাঁকা করা জরুরি হয়ে পড়ে। সেই লক্ষ্যেই গত সপ্তাহে দখলদারদের এলাকা খালি করার জন্য নোটিস জারি করে রেল। নোটিসে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, রবিবারের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে জমি খালি না করলে এদিন থেকে রেল নিজস্ব ক্ষমতাবলে উচ্ছেদে নামবে। নির্ধারিত ডেডলাইন পেরোতেই এদিন সকাল থেকে উচ্ছেদ অভিযানে সক্রিয় হয়ে ওঠে রেলের ইঞ্জিনিয়ার ও কর্মী বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্টেশন চত্বরে মোতায়েন রাখা হয়েছিল বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় থানার পুলিশ। উচ্ছেদ অভিযান শুরুর আগে বহু ব্যবসায়ী তড়িঘড়ি নিজেদের জিনিসপত্র ও দোকানের চাল-কাঠ সরিয়ে নেন। তবে নির্দেশ অমান্য করে থেকে যাওয়া অবশিষ্ট অবৈধ দোকান ও কাঠামো বুলডোজার দিয়ে দ্রুত ভেঙে দেয় বাহিনী।
রেলের এক পদস্থ আধিকারিক জানান, যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং আন্ডারপাসের নির্মাণ দ্রুত শেষ করার স্বার্থেই এই পদক্ষেপ। একাধিকবার নোটিস দেওয়া সত্ত্বেও একাংশ জায়গা ছাড়েননি। বাধ্য হয়েই উচ্ছেদ চালাতে হচ্ছে। অন্যদিকে, জীবিকা হারিয়ে মাথায় হাত পড়েছে স্থানীয় বেশ কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর। যদিও রেলের স্পষ্ট বার্তা, সরকারি উন্নয়নের স্বার্থে এবং রেলের সুরক্ষায় জবরদখল মুক্ত করার এই অভিযান আগামী দিনেও জারি থাকবে।  বাসুদেবপুরে জবরদখলকারী উচ্ছেদ।

Advertisement
সম্পর্কিত সংবাদ