Bartaman Logo
১২ জুলাই, ২০২৬

কাজের চাপে আত্মঘাতী রেল কর্মী? মুখে কুলুপ কর্তৃপক্ষের

ধানবাদ রেল শাখায় কাজের চাপে এক কর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। রেল কর্তৃপক্ষের নীরবতা নিয়ে ক্ষোভ। বিস্তারিত পড়ুন।

কাজের চাপে আত্মঘাতী রেল কর্মী? মুখে কুলুপ কর্তৃপক্ষের
  • ১২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কাজের চাপে আত্মহত্যা করেছেন রেল কর্মী? পূর্ব-মধ্য রেলের ধানবাদ শাখায় এহেন ঘটনায় হইচই পড়ে গিয়েছে। মুখে সম্পূর্ণ কুলুপ এঁটেছে রেল মন্ত্রক। এমনকি কোনো রেল কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলেও স্বীকার করছে না কর্তৃপক্ষ। রেল কর্মী সংগঠন এবং সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি ঘটনার প্রতিবাদে বড়োসড়ো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। তাদের অভিযোগ, গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। এরই পাশাপাশি কর্মী সংগঠনের সর্বভারতীয় প্রতিনিধিরা দাবি করছেন, অবিলম্বে সারা দেশে রেলের লক্ষাধিক শূন্যপদ পূরণ করার প্রক্রিয়া শুরু করতে হবে। তবে সর্বাগ্রে পূরণ করতে হবে লোকো স্টাফদের শূন্যপদ। 

Advertisement

ধানবাদ রেল শাখায় বি চম্পাই নামে যে কর্মী কাজের চাপে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ,  ঘটনাচক্রে তিনিও লোকো স্টাফ। ধানবাদ ডিভিশনে চিফ লোকো ইনস্পেক্টরের দায়িত্ব সামলাতেন তিনি। সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, শূন্যপদে কর্মী নিয়োগ না হওয়ার ফলে অন্যদের উপর চাপ বেশি পড়ছে। চম্পাইয়ের ক্ষেত্রেও তা হচ্ছিল। সেই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্প্রতি মনোমালিন্যও হয় তাঁর। তাঁকে মানসিকভাবে হেনস্তাও করা হয় বলে অভিযোগ। শেষে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে দাবি কর্মী সংগঠনগুলির। তাদের অভিযোগ, রেলে প্রায় তিন লক্ষ পদ শূন্য রয়েছে। এর মধ্যে লোকো রানিং ক্যাটিগরিতে শূন্য রয়েছে প্রায় ৩৯ হাজার পদ। ফলে একটানা ১৪ ঘণ্টাও ডিউটি করতে হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ