Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাতিল ক্যানিং-বাসন্তী লাইনেরই স্বপ্নফেরি রেলমন্ত্রীর, বিজেপির বিভ্রান্তির রাজনীতি বলল তৃণমূল

প্রচারের শেষদিনে এসে স্বপ্ন ফেরি করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যে রেল প্রকল্প ছয়বছর ধরে বন্ধ, সেই ক্যানিং-বাসন্তী রেল লাইন ফের তৈরি করার প্রতিশ্রুতি দিলেন তিনি।

বাতিল ক্যানিং-বাসন্তী লাইনেরই স্বপ্নফেরি রেলমন্ত্রীর, বিজেপির বিভ্রান্তির রাজনীতি বলল তৃণমূল
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: প্রচারের শেষদিনে এসে স্বপ্ন ফেরি করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যে রেল প্রকল্প ছয়বছর ধরে বন্ধ, সেই ক্যানিং-বাসন্তী রেল লাইন ফের তৈরি করার প্রতিশ্রুতি দিলেন তিনি। সোমবার কুলতলির বিজেপি প্রার্থী মাধবী মহলদারের হয়ে প্রচারে এসে অশ্বিনী বৈষ্ণব দরাজ ঘোষণা করলেন যে, এই রেল প্রকল্পের কাজ দ্রুত শুরু করবে তাঁর মন্ত্রক। 

Advertisement

সাধারণ মানুষের বক্তব্য, এটা আর কিছুই নয়, ভোটের ঠিক আগে আশ্বাসের গাজর ঝুলিয়ে গেলেন রেলমন্ত্রী! এতদিন যখন কোনো উদ্যোগ নিতে দেখা গেল না, তখন ভোট প্রচারের শেষমুহূর্তে এনিয়ে এমন প্রতিশ্রুতির মনে কী? শুধু ক্যানিং-বাসন্তী নয়, আরো দুটি নতুন রেললাইন তৈরি করার আশ্বাস দেন অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, নামখানা থেকে বকখালি, জয়নগর থেকে রায়দিঘি পর্যন্ত দুটি নয়া রেল লাইনের কাজ করা হবে।
মাতলা নদীর উপর ক্যানিং-বাসন্তী রেল লাইনের কাজ শুরু হলেও সেটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। ২২টি পিলার হয়ে রয়েছে সেখানে। এই প্রকল্পের ভবিষ্যৎ যে অনিশ্চিত, তা ২০২০ সালে চিঠি দিয়ে এক প্রকার জানিয়েই দিয়েছিল রেলমন্ত্রক। নানা সমস্যার কারণে সেটা করা সম্ভব নয় বলে কেন্দ্রের তরফে সাফ জানানো হয়। ছয়বছর বাদে হঠাৎ, সেই ‘অনিশ্চিত’ রেল প্রকল্পকেই ফের ভাসিয়ে তোলা হল ভোটের মাত্র দুদিন আগে। বিজেপির মুফতে ফায়দার রাজনীতির নিন্দা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
এতগুলি বছর গেল, তবু এই প্রকল্প পুনরুজ্জীবিত করার উদ্যোগ কেন্দ্র নিল না কেন, সেই সংগত প্রশ্ন তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করতেই এইসব কথা বলছেন রেলমন্ত্রী। তবে এদিনের সভায় রেলমন্ত্রীর প্রতিশ্রুতির শেষ ছিল না। তিনি আরো দাবি করেন যে, লক্ষীকান্তপুর থেকে নামখানা পর্যন্ত ডবল লাইনের কাজও দ্রুত করবে রেল। 
এই প্রসঙ্গে কুলতলির তৃণমূল প্রার্থী গণেশ মণ্ডল বলেন, আমাদের দুই এমপি সংসদ ভবনে এনিয়ে বারবার প্রশ্ন করেও কেন্দ্রের কোনো উত্তর পাননি। ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করতেই এখন এই সস্তা প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি।

Advertisement
সম্পর্কিত সংবাদ