Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রেলের পরীক্ষা দিতে যাওয়ার পথে বাগনানে দুর্ঘটনা, পরীক্ষার্থীর মৃত্যু

রেলে চাকরির পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক পরীক্ষার্থীর।

রেলের পরীক্ষা দিতে যাওয়ার পথে বাগনানে দুর্ঘটনা, পরীক্ষার্থীর মৃত্যু
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: রেলে চাকরির পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক পরীক্ষার্থীর। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে বাগনান থানার মানকুর বাগনান রোডের পাতিনান এলাকায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত পরীক্ষাথীর নাম আব্দুল আকিব (৩১)। বাড়ি সাবসিট অঞ্চলের সত্যপীরতলায়। 

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ভোরে অটোয় চেপে বাগনানের দিকে যাওয়ার পথে পাতিনানের কাছে উল্টো দিক থেকে আসা জেসিবি বহনকারী ট্রেলারের ধাক্কায় মারাত্মক জখম হন আকিব। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় অটোয় থাকা এক মহিলা যাত্রীও আহত হয়েছেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠিয়েছে। আকিব পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন। বিজ্ঞান বিভাগে স্নাতক হওয়ার পর প্রাইভেট টিউশানি করতেন আকিব। পাশাপাশি বাড়িতে একটি আইসক্রিমের দোকান খুলেছিলেন। বৃহস্পতিবার তাঁর রেলে চাকরির পরীক্ষা ছিল। সল্টলেকের সেক্টর ফাইভে সিট পড়েছিল। সকাল সাড়ে সাতটার মধ্যে তাঁর সেখানে পৌঁছানোর কথা। সেইমত এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে বের হয় আকিব। পরে একটি অটোয় চেপে বাগনানের উদ্দেশে রওনা দেন। আকিব অটোর ডানদিকে বসেছিলেন। বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে পাতিনান এলাকায় জেসিবি বহনকারী একটি ট্রেলার আটোয় থাক্কা মারলে আকিব মারাত্মক জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।এদিকে, ডানদিকে যাত্রী বসিয়ে অটো চলাচলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ছ’মাস আগে গদি এলাকায় এইভাবে অটোর ডানদিকে বসে যাওয়া এক যাত্রীর মৃত্যু হয়েছিল। এরপর পুলিশের ধরপাকড়ে সেটা মাঝে বন্ধ হয়েছিল। ফের ডান দিকে যাত্রী নিয়ে চলাচল শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ