সংবাদদাতা, বিষ্ণুপুর: দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর বিষ্ণুপুরে রেলের সাইকেল ও গাড়ির স্ট্যান্ড ফের চালু হয়েছে। এতে খুশি রেলযাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগে রেলের একটি স্ট্যান্ড ছিল। পরবর্তীকালে কোনো কারণে সেটি বন্ধ হয়ে যায়। তারপর থেকে স্টেশন চত্বরের বাইরে বেসরকারি উদ্যোগে তৈরি গ্যারাজে যাত্রীরা যানবাহন রাখতেন। এক বছর আগে স্ট্যান্ডের জন্য স্টেশন চত্বরে শেড তৈরির কাজ আরম্ভ হয়। সম্প্রতি টেন্ডারের মাধ্যমে ওই স্ট্যান্ড লিজ দেওয়া হয়। গত সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে ওই স্ট্যান্ড চালু করা হয়েছে। স্ট্যান্ডে রেলের তরফে বিভিন্ন যানবাহনের নির্দিষ্ট রেট চার্ট টাঙানো হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের বাঁকুড়া জোনের কমার্শিয়াল ইন্সপেক্টর ডাবলু দাস বলেন, আগে স্বল্প জায়গার উপর স্ট্যান্ড ছিল। পরে তা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে অনেক জায়গা নিয়ে শেড তৈরি করা হয়। সোমবার ওই স্ট্যান্ড আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এখানে সাইকেল, বাইক, টোটো, অটো ও গাড়ি রাখার ফি বেঁধে দেওয়া হয়েছে। এমনকি, বাস ও মিনিবাস রাখারও ব্যবস্থা রয়েছে।



