Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আলীনগর-কালীগঞ্জ সেতুর রেলিং ভাঙা, দুর্ঘটনার শঙ্কা

পলেস্তরা খসে পড়ছে। দু’পাশের কংক্রিটের রেলিংয়ের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। একাধিক জায়গায় বেরিয়ে এসেছে লোহার রড

আলীনগর-কালীগঞ্জ সেতুর রেলিং ভাঙা, দুর্ঘটনার শঙ্কা
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ডোমকল: পলেস্তরা খসে পড়ছে। দু’পাশের কংক্রিটের রেলিংয়ের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। একাধিক জায়গায় বেরিয়ে এসেছে লোহার রড। কোথাও দেখা দিয়েছে ফাটল। ডোমকলের শিয়ালমারি নদীর উপরে আলীনগর-কালীগঞ্জ সেতুর এমনই করুণ অবস্থা। যাতে ক্ষুব্ধ এলাকাবাসী।  অভিযোগ, বছরের পর বছর ধরে সেতুর অবস্থা খারাপ হলেও সংস্কারের উদ্যোগ নেয়নি প্রশাসন। ফলে প্রাণের ঝুঁকি নিয়েই ভাঙা রেলিংয়ের সেতু দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। দ্রুত সেতু মেরামতির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।

Advertisement

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডোমকলের রায়পুর অঞ্চলের আলীনগরে মজে যাওয়া শিয়ালমারি নদীর উপর রয়েছে ওই সেতু। স্থানীয়দের দাবি, প্রায় পাঁচ বছরের বেশি সময় ধরে সেতুর বিভিন্ন অংশে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, সেতুর উপর দিয়ে যাওয়ার সময় সেটি মাঝেমধ্যেই দুলে ওঠে। এমনকি, সেতুর পরিস্থিতি এতই দুর্বল হয়ে দাঁড়িয়েছে যে, স্থানীয় পঞ্চায়েত সেটির উপরে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।
অথচ অবস্থানের দিক দিয়ে ওই সেতু ভীষণ গুরুত্বপূর্ণ। সেতুর উপর দিয়েই আলীনগর, রায়পুর, মোমিনপুর, কাটাকোপরা, কালীগঞ্জ, সাদিখাঁরদিয়াড়-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ যাতায়াত করেন। সাদিখাঁরদিয়াড় উচ্চ বিদ্যালয় সহ আশপাশের একাধিক স্কুলে যাতায়াতের ক্ষেত্রেও পড়ুয়াদের ভরসা এই সেতু। 
সাকলাইন মণ্ডল নামের এক বাসিন্দার কথায়, এই সেতু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। রাতবিরেতেও প্রয়োজন হলে এই সেতুর উপর দিয়েই জলঙ্গিতে যেতে হয়। সাদিখাঁরদিয়াড় হাসপাতালে যেতে গেলেও এই সেতুর উপর দিয়েই যেতে হয়। অথচ বেহাল হয়ে পড়ে রয়েছে সেতুটি। 
সাদিখাঁরদিয়াড় উচ্চ বিদ্যালয়ের এক পড়ুয়া বলেন, আমরা এই সেতুর উপর দিয়েই স্কুলে যাতায়াত করি। দু’দিকে রেলিং না থাকায় সেতু পেরোতে খুবই ভয় করে। কিন্তু অন্য রাস্তা না থাকায় একপ্রকার বাধ্য হয়েই এই সেতু দিয়ে যাতায়াত করতে হয়। প্রশাসন সূত্রের দাবি, সেতুটি সংস্কারের জন্য ইতিমধ্যেই ডাব্লুবিএসআরডিএ-র দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই সেতু সংস্কারের কাজ শুরু হবে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ