Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গার ভাঙনে মালদহ ডিভিশনে চারদিন ধরে ব্যাহত রেল পরিষেবা

গঙ্গার ভাঙনে মালদহ ডিভিশনে ৪ দিন ধরে রেল পরিষেবা বন্ধ। যাত্রীদের চরম দুর্ভোগ। বিস্তারিত জানুন।

গঙ্গার ভাঙনে মালদহ ডিভিশনে চারদিন ধরে ব্যাহত রেল পরিষেবা
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: গঙ্গার ভাঙনে পূর্ব রেলের মালদহ ডিভিশনে চারদিন ধরে ব্যাহত যাত্রী পরিষেবা। সাহেবগঞ্জ-বারহারওয়া শাখার সাকরিগলি ও মহারাজপুর স্টেশনের মাঝে রেললাইনের পাশে গঙ্গার বাঁধে বড়োসড়ো ভাঙন শুরু হয়েছে। এর জেরে গত মঙ্গলবার রাত থেকে ওই রুটের ডাউন লাইনে পুরোপুরি বন্ধ ট্রেন চলাচল। আপ লাইনে গতি নিয়ন্ত্রণ করে কিছু ট্রেন চালানোর চেষ্টা হলেও চরমে উঠেছে যাত্রী দুর্ভোগ। 

Advertisement

শনিবার পূর্ব রেলের তরফে ফের একগুচ্ছ ট্রেন বাতিল ও রুট বদলের কথা জানানো হয়েছে। মালদহের ডিআরএম মনীষকুমার গুপ্ত সহ রেলের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে থেকে ভাঙন রোধের কাজ দেখভাল করছেন। তবে কবে থেকে এই রুটে ফের ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে, সেব্যাপারে এখনও কিছু জানাতে পারছে না রেল। এদিন সন্ধ্যায় পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সুকান্ত মণ্ডল বলেন, যুদ্ধকালীন তৎপরতায় ভাঙন ঠেকানোর কাজ চলছে। তবে গঙ্গার জলস্তর বাড়ছে। ফলে পরিস্থিতি কী দাঁড়াবে, এখনই বলা সম্ভব হচ্ছে না। এদিনও কিছু ট্রেন বাতিল ও বেশকিছু ট্রেনের রুট বদল করতে হয়েছে।
পূর্ব রেল সূত্রে খবর, সংশ্লিষ্ট শাখায় এদিন ফের ২২টি ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে রামপুরহাট-সাহেবগঞ্জ মেমু, মালদহ টাউন-সাহেবগঞ্জ মেমু, আজিমগঞ্জ-সাহেবগঞ্জ মেমু, হাওড়া-সাহেবগঞ্জ ইন্টারসিটি, রামপুরহাট-সাহেবগঞ্জ মেমু, সাহেবগঞ্জ-মালদহ টাউন মেমু, সাহেবগঞ্জ-আজিমগঞ্জ মেমু, জামালপুর-রামপুরহাট প্যাসেঞ্জার সহ অনেক ট্রেন। এছাড়াও গুচ্ছ ট্রেনের রুট বদল করা হয়েছে। এর মধ্যে রয়েছে কাঠগোদাম-হাওড়া বাঘ এক্সপ্রেস ও রক্সৌল-হাওড়া এক্সপ্রেস। এই ট্রেন দু’টিকে মুঙ্গের, ভগলপুর ও জসিডি দিয়ে চালানো হচ্ছে। দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেল ও ভাতিন্ডা-বালুরঘাট এক্সপ্রেস চালানো হচ্ছে জামালপুর, মুঙ্গের, কাটিহার দিয়ে। গয়া-হাওড়া এক্সপ্রেস ও নাতেসর-হাওড়া স্পেশাল ট্রেন দু’টিও কিউল, ঝাঁঝাঁ, আসানসোল হয়ে ঘুরপথে চলছে। জামালপুর-হাওড়া এক্সপ্রেসের রুট বদলে চালানো হচ্ছে ভগলপুর, দুমকা, রামপুরহাট হয়ে।
সেপ্টেম্বরের প্রথমে পূর্ব রেলের মালদহ ডিভিশনের নিউ ফরাক্কা স্টেশনের কাছে লাইনে ধসের জেরে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে কার্যত রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাতিল হয় বহু ট্রেন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ধসে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে প্রায় ৬২ ঘণ্টা পর ধীরে ধীরে ট্রেন পরিষেবা চালু করা হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গঙ্গার ভাঙনে মালদহ ডিভিশনে ট্রেন চলাচল চারদিন ধরে ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার যাত্রীরা। সাহেবগঞ্জ-বারহাওয়া শাখায় ডাউন লাইন বন্ধ থাকায়, যেসব ট্রেন মালদহ কিংবা রামপুরহাট স্টেশন ছুঁয়ে যাওয়ার কথা, সেগুলি আসতে পারছে না। ফলে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ