Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিয়ালদহ দক্ষিণে দফায় দফায় রেল অবরোধ, ভোগান্তি নিত্যযাত্রীদের

শিয়ালদহ দক্ষিণে দফায় দফায় রেল অবরোধ, ভোগান্তি নিত্যযাত্রীদের
  • ১৬ এপ্রিল, ২০২৫ ১৩:০৪

সংবাদদাতা, বারুইপুর: লোকাল ট্রেনে মহিলা কামরা বৃদ্ধির প্রতিবাদ। সেইসঙ্গে ট্রেন সংখ্যা বাড়ানোর দাবি। বুধবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণের লক্ষ্মীকান্তপুর শাখার একাধিক স্টেশনে রেল অবরোধ নিত্যযাত্রীদের। যার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুরের মতো গুরুত্বপূর্ণ রুটে বিপর্যস্ত রেল পরিষেবা। একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। চূড়ান্ত দুর্ভোগে অসংখ্য সাধারণ যাত্রী।

Advertisement

দিনের যে কোনও সময় শিয়ালদহ দক্ষিণ শাখার লোকাল ট্রেনগুলিতে যাত্রীদের প্রবল ভিড় থাকে। এর মধ্যে মহিলা কামরার সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রেল। তাতেই ক্ষুব্ধ নিত্যযাত্রীদের বড় অংশ। অবরোধকারীদের বক্তব্য, ১২ বগির ট্রেনে আগে মহিলাদের জন্য দু’টি সংরক্ষিত কামরা থাকত। বর্তমানে সেই সংখ্যা বাড়িয়ে চারটি করা হয়েছে। এর সঙ্গেই রয়েছে দু’টি ভেন্ডার কামরা। ফলে মোট ছ’টি কামরায় সাধারণ পুরুষ যাত্রীদের ওঠার সুযোগ থাকছে না। যে কারণে বহু পুরুষ যাত্রী ট্রেনে উঠতে পারছেন না বলে অভিযোগ। মাত্র ছ’টি কামরায় হাজার হাজার যাত্রী যাতায়াত করবেন কীভাবে? প্রশ্ন তুলেছেন নিত্যযাত্রীদের একটা বড় অংশ।
লোকাল ট্রেনে মহিলা কামরা বৃদ্ধির প্রতিবাদ ও ট্রেনের সংখ্যা বাড়ানো সহ নানা দাবিতে আজ সকালে প্রথমে দক্ষিণ বারাসত স্টেশনে নিত্যযাত্রীরা অবরোধ শুরু করেন। ওই একই অভিযোগে অবরোধ শুরু হয় ধপধপি স্টেশনেও। লিখিত আবেদন পেলে রেল প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে প্রায় আড়াই ঘণ্টা পরে এই দুই স্টেশনে অবরোধ উঠে যায়। আপ ও ডাউন লাইনে শুরু হয় ট্রেন চলাচল। এদিকে, ভিড়ের চাপে ট্রেনে উঠতে না পেরে জয়নগর মজিলপুর ও মথুরাপুর স্টেশনে অবরোধ শুরু করেন যাত্রীরা। পরে খবর পেয়ে পুলিস এসে অবরোধ উঠিয়ে দেয়।

সম্পর্কিত সংবাদ