Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬

অধিকারের লড়াইয়ের জন্য রাহুলের ‘ডিজিটাল সত্যাগ্রহ’ বার্তা

লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবার ‘সত্যাগ্রহ’-এর ডাক দিলেন। নতুন ওয়েবসাইটে তুলে ধরা যাবে নিজেদের অধিকারের জন্য লড়াইয়ের কথা

অধিকারের লড়াইয়ের জন্য রাহুলের ‘ডিজিটাল সত্যাগ্রহ’ বার্তা
  • ৩ অক্টোবর, ২০২৬ ১২:৪৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ৩ অক্টোবর: লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবার ‘সত্যাগ্রহ’-এর ডাক দিলেন। নতুন ওয়েবসাইটে তুলে ধরা যাবে নিজেদের অধিকারের জন্য লড়াইয়ের কথা। শনিবার রাহুল তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এই ওয়েবসাইটের কথা জানান। তিনি বলেন,‘দেশজুড়ে মানুষ নিজেদের অধিকারের জন্য লড়ছেন এবং প্রায়শই একাই লড়ছেন। ‘সত্যাগ্রহ’ এই কণ্ঠগুলোকেই একত্রিত করতে চায়।’

Advertisement

এছাড়াও রাহুল লেখেন,‘বাপু এই শিক্ষাই দিয়েছিলেন। সত্যই সবচেয়ে বড় অস্ত্র। তবে তার চেয়েও বড় অস্ত্র হলো ঐক্যের সঙ্গে সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকা।’ লোকসভার বিরোধী দলনেতা ভিডিও বার্তায় নিজেদের সংগ্রামের কথা তুলে ধরতে বলেন সাধারণ মানুষকে। অন্যায়ের বিরুদ্ধে যাঁদের লড়াই, তাঁদের গল্পই দেখানো হবে এই ওয়েবসাইটে। রাহুল গান্ধী আশ্বাস দিয়ে বলেন,‘আমি যা করতে পারি করব-সংসদে, রাজপথে, চিঠি লিখে, যেখানেই আমার প্রয়োজন হবে, আপনার পাশে দাঁড়িয়ে সাহায্য করব। বিরোধী দলনেতা হিসেবে এটাই আমার দায়িত্ব।”

রাহুলের ভিডিওতে উঠে এসেছে ছাত্র আন্দোলন থেকে শুরু করে নারী নিরাপত্তার মত বিষয়গুলিও। এ ছাড়াও রয়েছে মূল্যবৃদ্ধির প্রসঙ্গ। যাঁরা নিজেদের অধিকারের জন্য প্রতিবাদ করছেন, কিংবা আওয়াজ তুলছেন, তাঁদের এই বিশেষ বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা। সবাইকে নিজেদের লড়াই ও কর্মসূচির কথাও ওয়েবসাইটে জানাতে আবেদন করলেন তিনি। ছোট থেকে বড়, যেকোনো ধরনের প্রতিবাদের কথাই তুলে ধরতে বললেন তিনি। ‘কোনোরকম সাহায্যের প্রয়োজন হলে আমি সাহায্য করব’, জানালেন রাহুল গান্ধী।

Advertisement
সম্পর্কিত সংবাদ