রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। ঘটনার চারদিন পরেও তার জবাব মেলেনি। চলছে তদন্ত। এই আবহে পথে নামার ডাক শিল্পীমহলের। জানা গিয়েছে, শনিবার বিকেল চারটে নাগাদ টেকনিশিয়ান স্টুডিয়ো থেকে মিছিল বেরবে। টলিউডের সিংহভাগ তারকাই সেই মিছিলে অংশ নেবেন বলে খবর। পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবিতে ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান দিয়ে মিছিল হবে। গত রবিবার ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিংয়ে গিয়ে তালসারিতে জলে ডুবে মৃত্যু হয় রাহুলের। সেই ঘটনার পর প্রযোজনা সংস্থার তরফে একাধিক বয়ান সামনে এসেছিল। বুধবার প্রোডাকশন হাউজের তরফে লিখিত বিবৃতি দেওয়া হয়েছে। বুধবার রাতে প্রযোজনা সংস্থার থেকে জবাব চেয়ে আইনি নোটিস পাঠিয়েছে আর্টিস্ট ফোরামও।



