নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দলের মধ্যে যেন বিজেপির কোনও ‘চর’ না থাকে। বিজেপি মানসিকতার কোনও নেতানেত্রীর দলে ঠাঁই নেই। দলের এক অভ্যন্তরীণ বৈঠকে এমনটাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রাহুল গান্ধী। সংগঠন চাঙ্গা করতে জোর দিয়েছে কংগ্রেস। মোদি রাজ্যে আমেদাবাদে গিয়ে গত ৮-৯ এপ্রিল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক তথা এআইসিসি অধিবেশনও করেছে কংগ্রেস। তারপর থেকে দফায় দফায় চলছে বৈঠক। কখনও সামনাসামনি। কখনও ভার্চুয়াল।
দলীয় সূত্রে খবর, প্রদেশ নেতৃত্বের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে রাহুল বলেছেন, সুবিধাবাদীদের কংগ্রেসে জায়গা নেই। কংগ্রেসে আছেন, অথচ বিজেপির ভাবধারায় কথা বলছেন, বা বিজেপির ভালো দিক তুলে ধরে দলের মধ্যেই আলোচনা করছেন, এমন নেতানেত্রীদের সম্পর্কে সতর্ক হতে হবে। তাদের চিহ্নিত করতে হবে। সূত্রে খবর, রাহুল বলেছেন, নির্বাচনে হেরে যাব ভেবে দলে থেকে দোনামোনা করা যাবে না। কংগ্রেসি হিসেবে নিজেদের অবস্থান স্থির করতে হবে। বিজেপির বিরুদ্ধে অলআউট লড়তে হবে। -ফাইল চিত্র