নয়াদিল্লি: তাঁর প্রতিটি আচরণ বিচার হয় রাজনৈতিক নিক্তিতে। অথচ সেই সোনিয়া গান্ধীই ব্যক্তিগত জীবন নিয়ে ভয়ানক গোপনীয়তা বজায় রাখেন। তাঁর ‘মাইনো’ থেকে ‘গান্ধী’ হয়ে ওঠা নিয়ে কত না কাহিনি ঘুরে বেড়ায়! সেই সোনিয়াই এবার আত্মজীবনী নিয়ে হাজির পাঠকের সামনে। তাঁর ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’ প্রকাশ পেতে চলেছে ১০ নভেম্বর। মঙ্গলবার আত্মজীবনীর প্রচ্ছদ প্রকাশ করেছে প্রকাশক সংস্থা। প্রকাশক আলফ্রেড এ নফ জানিয়েছেন, এই বইয়ে স্থান পেয়েছে রাজীব-সোনিয়ার প্রেম, সোনিয়ার শাড়ি পরতে শেখা, ইন্দিরার কাছে তাঁর হিন্দি শেখা, ভারতীয় রন্ধনশৈলীকে আপন করে নেওয়ার মতো ব্যক্তিগত অভিজ্ঞতা। এরপর থেকে সোনিয়ার আত্মজীবনী নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ তুঙ্গে। আর বৃহস্পতিবার ছিল রাজীব গান্ধীর জন্মদিন। এই দিনেই বাবা-মার সম্পর্ক নিয়ে স্মৃতিমেদুর পোস্ট করলেন রাহুল গান্ধী। লিখলেন, ‘বাবা গর্বভরে তাঁর সুন্দরী সোনিয়ার দিকে তাকিয়ে আছেন। আমি খুশি সেই কাহিনি লক্ষ লক্ষ মানুষ পড়বেন।’ এক্স হ্যান্ডলে রাহুল আরও লিখেছেন, ‘আমি তোমাকে এবং বাবাকে একসঙ্গে শেষবার দেখেছিলাম ৩৫ বছর আগে। বাবা চলে যাওয়ার পরে অনেক ঝড়ঝাপ্টা বয়ে গিয়েছে। তবে তুমি কখনও সাহস এবং সম্মান হারাওনি।’



