মুম্বই: পড়ুয়াদের সঙ্গে জনসংযোগ বাড়াতে ‘ছাত্রোঁও কি গুঞ্জ’ নামে কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস। শনিবার পুনেতে এরকমই এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেই অনুষ্ঠানে তিনি মনুবাদী মানসিকতা বর্জন করে মহিলাদের পিতৃতন্ত্র ধ্বংস করার ডাক দেন। এরপর চব্বিশ ঘণ্টাও কাটল না। নারী অধিকার রক্ষার প্রশ্নে কংগ্রেস কতটা ব্যর্থ, তা নিয়ে পাল্টা আক্রমণ শুরু করে দিল গেরুয়া শিবির। মহারাষ্ট্র বিজেপির ভাইস প্রেসিডেন্ট কেশব উপাধ্যায় রাহুলের অনুষ্ঠানকে ‘পলিটিক্যাল কমেডি শো’ বলে কটাক্ষ করেছেন। রবিবার তিনি বলেন, ‘পড়ুয়াদের সমস্যা নিয়ে কথা না বলে রাহুল রাজনৈতিক বিবৃতি দিয়েছেন।’ তাঁর কথায়, মহিলা সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেসের অবস্থান কি সকলেই জানে। রাষ্ট্রপতি পদে আদিবাসী প্রার্থী দ্রৌপদী মুর্মুর বিরোধিতা করেছিল কংগ্রেস। তারাই তিন তালাক বিরোধী আইনের বিরুদ্ধে গিয়েছে। তবে বিজেপিকেও ছেড়ে কথা বলেনি কংগ্রেস। দলের ন্যাশনাল সেক্রেটারি শচীন সাওয়ন্ত বলেন, ‘রাহুল গান্ধীর কথা শুনে বিজেপি ভয় পেয়ে গিয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে সাড়া দেখে বিজেপির রাতের ঘুম উড়ে গিয়েছে।’ এদিনই রাহুল গান্ধীকে ব্যাটম্যানের সঙ্গে তুলনা করে পোস্টার পড়ল দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তর ইন্দিরা ভবনের বাইরে। রাহুল ও ব্যাটম্যানের পাশাপাশি ছবি দেওয়া সেই পোস্টারের ক্যাপশানে লেখা হয়েছে ‘দ্য রিয়াল লাইফ ব্যাটম্যান।’ সঙ্গে আরও দু’টি লাইনে বড়বড় করে লেখা— ‘নীরব অবিভাবক’ ও ‘সামনে থেকে রক্ষা করেন’।



