নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গুজরাতের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাহুল গান্ধী। শনিবার কংগ্রেসের জনসংযোগ কর্মসূচিতে রাহুল দলের নেতাকর্মীদের সতর্ক করে বললেন, গুজরাতে আমাদের দলের অনেক নেতা আছেন। তাঁরা প্রকাশ্যে শক্তিমান। কিন্তু পিছনে শিকল বাঁধা। অর্থাৎ বিজেপির হয়ে কাজ করেন এইসব নেতারা। বিজেপি নেতৃত্বের কাছেই তাঁদের টিকি বাঁধা। তাহলে মানুষ কংগ্রেসের উপর বিশ্বাস রাখবে কীভাবে? গুজরাতে গিয়ে একথা বললেও কংগ্রেসের অন্দরে প্রশ্ন উঠছে, রাহুল কি শুধুই ওই রাজ্যের দিকে অঙ্গুলিহেলন করলেন? নাকি তাঁর লক্ষ্য বৃহত্তর কংগ্রেস? কারণ উদাহরণ টেনে এনে রাহুল বলেছেন, আমাকে মধ্যপ্রদেশের এক কংগ্রেস নেতা বললেন, রাহুলজি দু’রকম ঘোড়া আছে। এক শ্রেণির ঘোড়া রেসকোর্সের দৌড়বাজ। আর এক শ্রেণির ঘোড়া বরযাত্রীতে যায়। আমাদের দলে দুই শ্রেণির নেতাই আছে। সেটা বাছাই করা দরকার। বরযাত্রীর ঘোড়াকে আমাদের দলে পাঠানো হচ্ছে রেসে জিততে অর্থাৎ নির্বাচনের ময়দানে। আর ঘোড়দৌড়ের ক্ষমতাসম্পন্ন নেতাদের পাঠানো হচ্ছে বরযাত্রীর কাজে। রাহুল এই উদাহরণ টেনে বস্তুত দলেই প্রশ্ন তুলে দিচ্ছেন, তিনি আদতে কাদের উদ্দেশে বলছেন? রাহুল আরও বলেছেন, যারা কংগ্রেসকে বিজেপির বি টিম করতে চাইছে, তাদের চাই না। দরকার হলে এসব নেতাদের দল থেকে বহিষ্কার করা হবে। সাম্প্রতিকালের মধ্যে রাহুল এতটা কঠোর ভাষায় দলেরই নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ করেননি। রাহুল বিস্ময় প্রকাশ করে বলেন, একটি রাজ্যে আমাদের সংগঠন আছে। নেতা-কর্মী, ভোটার আছে। অথচ ৩০ বছর ধরে কংগ্রেস ক্ষমতার বাইরে! এটা কীভাবে সম্ভব? তার অর্থ, সাধারণ মানুষের আমরা আস্থা অর্জন করতে পারছি না।



