নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অর্থনীতিতে পিএইচডি। রয়েছে এমবিএ ডিগ্রিও। অনায়াসেই কোনও কর্পোরেট সংস্থার বড় পদে চাকরি পেতে পারতেন বেঙ্কটেশ আয়ার। কিন্তু ক্রিকেটকেই তিনি পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। তার জন্য আত্মীয়রা কম কথা শোনাননি। কিন্তু পাশে ছিল পরিবার। আস্থার মর্যাদা রেখেছেন তিনি। কেকেকেআরই বদলে দিয়েছে বেঙ্কির জীবন। ২০ লাখ থেকে শুরু। গত নিলামে রেকর্ড ২৩.৭৫ কোটিতে ফের শাহরুখ খানের দলে। তা নিয়ে কম কটাক্ষ হজম করতে হয়নি বাঁ হাতি অলরাউন্ডারকে। এই প্রসঙ্গে বেঙ্কটেশ বললেন, ‘টাকা অবব্যশই গুরুত্বপূর্ণ। তবে মাঠে নামলে এসব মাথায় থাকে না। যে কারণে এত টাকা দেওয়া হল, তার প্রতিদান দেওয়াই কর্তব্য।’ বেঙ্কির পাশে দাঁড়িয়ে ক্যাপ্টেন রাহানে বলেন, ‘ও এই দাম পাওয়ার যোগ্য। গতবার কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে ওর বড় অবদান ছিল।’



