Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ইডেনে প্রস্তুতি ম্যাচে ফের ব্যর্থ রাহানে, ছন্দে রাসেল

আইপিএলের নিলামে প্রথমে ছিলেন অবিক্রিত। শেষবেলায় তাঁকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আর সেই অজিঙ্কা রাহানেই কিনা শ্রেয়স আয়ারের জায়গায় নাইটদের নতুন নেতা।

ইডেনে প্রস্তুতি ম্যাচে ফের ব্যর্থ রাহানে, ছন্দে রাসেল
  • ১৮ মার্চ, ২০২৫ ১৭:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইপিএলের নিলামে প্রথমে ছিলেন অবিক্রিত। শেষবেলায় তাঁকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আর সেই অজিঙ্কা রাহানেই কিনা শ্রেয়স আয়ারের জায়গায় নাইটদের নতুন নেতা। তাই অনেকে মজা করে বলছেন, ‘অ্যাক্সিডেন্টাল ক্যাপ্টেন’। সত্যিই কী তাই! উত্তর লুকিয়ে সময়ের গর্ভে। 

Advertisement

অজিঙ্কা রাহানেকে ক্যাপ্টেন করে কেকেআর টিম ম্যানেজমেন্ট কিন্তু বড় ঝুঁকিই নিয়েছে। কারণ, কেরিয়ারের শেষ লগ্নে মুম্বইকর। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ কার্যত বন্ধ তাঁর। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে ভালো খেলার পুরস্কার হিসেবে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হয়েছেন তিনি। অভিজ্ঞতায় জোরে টেক্কা দিয়েছেন বেঙ্কটেশ আয়ারকে। তবে বেগুনি জার্সিতে নাইট রাইডার্সে রাহানের দ্বিতীয় ইনিংস কেমন হয়, সেটাই দেখার। 
প্রশ্ন হচ্ছে,  রাহানের ব্যাটিং পজিশন কী হবে? চেন্নাই সুপার কিংসে তিনি ওপেন করতেন। পাওয়ার প্লে’তে ফিল্ডিংয়ের সীমাবদ্ধতার সুযোগ নিয়ে প্রচুর রান করেছিলেন। বেগুনি জার্সিতেও হয়তো তাঁকে ওপেনার হিসেবেই ভাবছেন নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। প্রথম প্রস্তুতি ম্যাচে তিনি কুইন্টন ডি’ককের সঙ্গে ইনিংসের সূচনা করেছিলেন। কিন্তু বড় রান পাননি। ১১ বলে করেছিলেন ১৩। সোমবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও ওপেন করতে নেমে হতাশ করলেন রাহানে। মঈন আলির বলে আউট হন তিনি। ৯ বলে সংগ্রহ মোটে ১১। মাঠ ছাড়ার পর বেশ হতাশ দেখাচ্ছিল নাইটদের নেতাকে। আসলে ফর্মের গ্রাফ যদি ক্রমশ পড়তে থাকে, তাহলে প্রথম একাদশে তাঁর জায়গা পাওয়াই কঠিন হয়ে উঠবে। পার্পল টিমের হয়ে রান পেলেন ডি’কক (৩২), বেঙ্কটেশ (৪৬)। তবে ইডেনে ২২ মার্চ আরসিবি ম্যাচে ঝড় তোলার ইঙ্গিত মিলল রাসেলের ব্যাটে। ১৬তম ওভারে অ্যানরিখ নর্তজের প্রথম তিনটি বলে ‘দ্রে রাস’ দু’টি চার ও একটি ছক্কা হাঁকান। তাঁর সংগ্রহ ১৯ বলে ৪৫। কেকেআরের বেগুনি দল প্রথমে ব্যাট করে ৪ উইকেটে তোলে ২২৩ রান। তবে বৃষ্টির কারণে খেলা মাঝ পথেই বন্ধ হয়ে যায়। 
এদিকে, আইপিএলের দশ দলের ক্যাপ্টেনকে ২০ মার্চ মুম্বইয়ে বৈঠকে ডাকল বিসিসিআই। হাজির থাকার কথা ম্যানেজারদেরও। মূলত টুর্নামেন্টের নিয়মকানুন নিয়ে আলোচনা, ফটোশ্যুট এবং স্পনসরদের নিয়ে অনুষ্ঠান হবে। সাধারণত, যে শহরে হয় উদ্বোধনী ম্যাচ, সেখানেই ক্যাপ্টেন মিট অনুষ্ঠানটি হয়। সেই নিয়মে কলকাতায় হওয়ার কথা ছিল। কিন্তু তা মুম্বইয়ে সরিয়ে নিয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ