Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফুরফুরে মেজাজে দিল্লি পৌঁছালেন রাহানেরা, বরুণ-নারিন জুটির প্রশংসায় ড্যানিয়েল ভেট্টোরি

শুরুতে পাঁচ ম্যাচে পরাজয়ের পর হতাশার অন্ধকার ঘিরে ধরেছিল কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু জয়ের হ্যাটট্রিক জ্বালিয়েছে আশার আলো।

ফুরফুরে মেজাজে দিল্লি পৌঁছালেন রাহানেরা, বরুণ-নারিন জুটির প্রশংসায় ড্যানিয়েল ভেট্টোরি
  • ৫ মে, ২০২৬ ১৩:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: শুরুতে পাঁচ ম্যাচে পরাজয়ের পর হতাশার অন্ধকার ঘিরে ধরেছিল কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু জয়ের হ্যাটট্রিক জ্বালিয়েছে আশার আলো। ইডেনে রাজস্থান রয়্যালসের পর সুপার ওভারে লখনউ বধ। আর রবিবার সানরাইজার্সের বিরুদ্ধে অনায়াসে জয়। অজিঙ্কা রাহানের নেতৃত্বে অবশেষে ছন্দে ফিরেছে নাইট ব্রিগেড। ৯ ম্যাচে ঝুলিতে আপাতত ৭ পয়েন্ট। চনমনে মেজাজে সোমবার হায়দরাবাদ থেকে নয়াদিল্লিতে উড়ে এল দল। শুক্রবার পরের প্রতিপক্ষ অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস। প্লে-অফের আশা জিইয়ে রাখতে কলকাতাকে জয়ের রাস্তায় থাকতে হবে বাকি ম্যাচগুলোয়। নাহলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে।

Advertisement

নাইটদের জয়ের হ্যাটট্রিকের নেপথ্যে ব্যাট হাতে রিঙ্কু সিংয়ের বড় অবদান রয়েছে। পাশাপাশি, বোলারদের দাপটও অস্বীকারের উপায় নেই। দুই তরুণ পেসার বৈভব অরোরা ও কার্তিক ত্যাগী উজাড় করে দিচ্ছেন। দুই স্পিনার সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী ভেলকি দেখাচ্ছেন। সানরাইজার্সের বিরুদ্ধে মিলিতভাবে আট ওভারে ৬৭ রান দিয়ে নেন পাঁচ উইকেট। কার্যত সেটাই দুমড়ে-মুচড়ে দেয় প্যাট কামিন্সের নেতৃত্বাধীন হায়দরাবাদকে। 
অথচ, প্রতিযোগিতার শুরুতে একেবারেই ছন্দে ছিলেন না বরুণ। প্রথম দুই ম্যাচে কোনো উইকেট পাননি। প্রশ্নের মুখে পড়েন তিনি। হাতের চোটের জন্য বরুণ অবশ্য এরপর মাঠের বাইরে থাকতে বাধ্য হন। তবে প্রত্যাবর্তনের পর দুরন্ত ছন্দে তিনি। এই পর্বে ১১৭ রান দিয়ে এসেছে ১০ উইকেট। নারিনের সঙ্গে তাঁর জুটি তাই বিপক্ষ ব্যাটারদের কাছে হয়ে উঠেছে মস্ত বড় চ্যালেঞ্জ। 
বরুণের প্রশংসা করে সানরাইজার্সের কোচ ড্যানিয়েল ভেট্টোরি বলেছেন, ‘প্রথম কয়েকটা ওভারে ওকে চাপে ফেলে দিয়েছিল ব্যাটাররা। তারপরও উইকেট নিয়েছে পরপর।’ সুনীল-বরুণ জুটি নিয়ে প্রাক্তন কিউয়ি স্পিনারের মন্তব্য, ‘দু’জনেই বিশ্বমানের স্পিনার। বছরের পর বছর কলাকাতার হয়ে ওরা সফল। পিচের চেয়ে বল নরম হয়ে পড়াতেই ওরা দাপট দেখিয়েছে। আমরা চেয়েছিলাম, ওদের ওভারগুলো দেখে খেলতে। কিন্তু সেটা হয়নি। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যাই আমরা।’
জয়ের পর হোটেলে ফিরে উৎসব শুরু হয় নাইট শিবিরে। সেখানে কেক কাটা হয়। সেই কেক আবার মাখিয়ে দেওয়া হয় আন্দ্রে রাসেলের মুখে। সেই ভিডিয়ো মুহূর্তে হয়ে ওঠে ভাইরাল। নারিনের প্রশংসা করে মেসেজ পাঠান ‘বাজিগর’ শাহরুখ খান। সব মিলিয়ে ফুরফুরে মেজাজ নাইটরা। সেটা বজায় রাখাই এখন লক্ষ্য তিন বারের চ্যাম্পিয়নদের।

সম্পর্কিত সংবাদ