নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রাস্তার দু’পাশে ঘন জঙ্গল। শাল, সেগুন মাথা তুলেছে। বনের ভিতর দুর্গম পথ। একটু যাওয়ার পর রাস্তা হারানো অস্বাভাবিক কিছু নয়। সূর্য অস্ত গেলে চারদিকে গাঢ় অন্ধকার। গা ছমছমে পরিবেশ। রাস্তা বন্যপ্রাণীদের দখলে চলে যায়। এই জঙ্গলে রাজ চালাবে ‘রঘু ডাকাত’। রঘু ডাকাত সিনেমার শ্যুটিং হবে এই জঙ্গলে। তাই টানা কয়েক দিন জঙ্গল থেকেই শোনা যাবে ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’। এডিএফও সৌগত মুখোপাধ্যায় বলেন, শ্যুটিংয়র জন্য আবেদন খতিয়ে দেখা হচ্ছে।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, আউশগ্রামের জঙ্গলে এর আগে বিভিন্ন সিনেমার শ্যুটিং হয়েছে। এই ব্লকের কালিকাপুর রাজবাড়ি তো ‘স্টুডিও’ হয়ে উঠেছে। টলিউডের এক সুপারস্টার সিনেমার নায়কের ভূমিকায় অভিনয় করবেন। সিনেমার বড় অংশ জুড়ে থাকবে এই জঙ্গল।
এক আধিকারিক বলেন, এইসময় জঙ্গলে সমস্যা লেগে থাকে। পাতা ঝরার সময় একটু অসাবধান হলেই আগুন ধরে যায়। কয়েক দিন আগেই এই জঙ্গলে আগুনে বহু গাছ পুড়ে গিয়েছে। তাতে অনেক ময়ূরসহ বন্যপ্রাণীর ক্ষতি হয়েছিল। বিগবাজেটের সিনেমার শ্যুটিং হলে অনেকেই সেখানে ভিড় করেন। কেউ আগুন ধরিয়ে দিলে বড় বিপদ হতে পারে। ঝরা পাতা থেকে আগুন দ্রুত ছড়িয়ে যায়। সেই কারণে সিনেমার শ্যুটিংয়ে অনুমতি এখনই দেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। শীর্ষ আধিকারিকরা অনুমতি দিলে ‘রঘু ডাকাত’ এর শ্যুটিংয়ে বাধা থাকবে না। তবে, অনুমতি দেওয়ার সম্ভবনাই বেশি।
স্থানীয়রা বলেন, আউশগ্রামের জঙ্গল জেলার পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে। কলকাতা থেকে বোলপুর যাওয়ার সময় অনেকেই সেখানে ঢুঁ মারেন। আবার কেউ কেউ গুসকরায় থেকে আউশগ্রামের পর্যটনকেন্দ্রগুলি ঘুরে দেখছেন। এই এলাকা আরও আকর্ষণীয় করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কয়েক দিন আগেই জেলাশাসক আয়েশা রানি এ সহ অন্যান্য আধিকারিকরা জঙ্গল পরিদর্শন করেছেন। এক আধিকারিক বলেন, এই ব্লকেই ডোকরা গ্রাম রয়েছে। এই গ্রামের পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। জলটুঙিতে কিছু করা যায় কি না, তা নিয়েও আধিকারিকরা চিন্তাভাবনা করছেন। এছাড়া জঙ্গলের ভাল্কিতে একটি গেস্টহাউস রয়েছে। সেটি পঞ্চায়েত সমিতি দেখভাল করে। আধুনিকমানের গেস্টহাউস তৈরি নিয়েও আলোচনা চলছে। পরিকাঠমোগত উন্নয়ন হলে এই এলাকায় আগামী দিনে আরও বিগ বাজেটের সিনেমার শ্যুটিং হতে দেখা যাবে বলে স্থানীয়রা মনে করছেন। তবে এখন আউশগ্রাম চর্চায় রয়েছে ‘রঘু ডাকাত’ কে নিয়ে।