Bartaman Logo
৫ জুলাই, ২০২৬

আরএসি টিকিট চলে গেল ওয়েটিং লিস্টে, ক্ষোভপ্রকাশ রেলযাত্রীদের

আরএসি টিকিট ওয়েটিং লিস্টে চলে যাওয়ায় রেলযাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। জরুরি যাত্রায় সমস্যা, বিস্তারিত জানুন।

আরএসি টিকিট চলে গেল ওয়েটিং লিস্টে, ক্ষোভপ্রকাশ রেলযাত্রীদের
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রেলের অব্যবস্থার আরও বেনজির ছবি এবার সামনে এল। ট্রেনের টিকিট বুকিংয়ের সময় আরএসি- ৪৭-এ তা কাটলেন রেল যাত্রী। কিন্তু যখন চূড়ান্ত যাত্রী তালিকা প্রকাশিত হল, তখন দেখা গেল, ‘ডি গ্রেড’ হয়ে তা দাঁড়িয়েছে ওয়েটিং লিস্ট - ৭ ’য়ে! এর ফলে চরম সমস্যায় পড়তে হল ওই রেল যাত্রীকে। চূড়ান্ত তালিকায় ওয়েটিং লিস্ট থাকায় স্বাভাবিক নিয়মেই ওই যাত্রীর টিকিট ‘অটো ক্যানসেলড’ হয়ে যায়। ফের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌঁছাতে হয় তাঁকে।  

Advertisement

জানা গিয়েছে, গত ২৯ জুন পাটনা থেকে দিল্লি যাওয়ার জন্য শ্রমজীবী এক্সপ্রেসের থার্ড এসিতে টিকিট কেটেছিলেন পাটনার বাসিন্দা ওই রেল যাত্রী। স্বাভাবিকভাবেই তাঁর ধারণা ছিল, যেহেতু আরএসি টিকিট রয়েছে, তাই কোনোমতেই তাঁর নির্ঝঞ্ঝাট যাত্রা আটকাবে না। হয় তাঁকে অন্য কোনো আরএসি টিকিটধারী যাত্রীর সঙ্গে আসন শেয়ার করে যেতে হবে। অথবা ‘আপগ্রেড’ হয়ে আরএসি থেকে তাঁর টিকিট কনফার্মড হয়ে যাবে। অর্থাৎ, যেমন সচরাচর হয়ে থাকে। এর ফলে মোটের উপর নিশ্চিন্তই ছিলেন তিনি। কিন্তু জার্নির আগে যাত্রী তালিকার ফার্স্ট চার্ট প্রকাশিত হতেই চোখ কপালে উঠে যায় তাঁর। ওই যাত্রীর অভিযোগ, অত্যন্ত জরুরি প্রয়োজনে তাঁকে দিল্লি আসতে হতো। কিন্তু রেলের বেনজির কর্মকাণ্ডে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে তাঁকে। এব্যাপারে রেল বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে রেল সূত্রে জানানো হয়েছে, অস্বাভাবিক যাত্রী ভিড় থাকলে এমন ঘটতেই পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ