Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

মহার্ঘ জলাতঙ্কের ইমিউনোগ্লোবিউলিন, দাম বাঁধা হল সুগার ও প্রেশার সহ ৪০ ওষুধের

জলাতঙ্কের ইমিউনোগ্লোবিউলিনের দাম ১১৯ টাকা ৪৮ পয়সা হলো। চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন। বিস্তারিত জানুন।

মহার্ঘ জলাতঙ্কের ইমিউনোগ্লোবিউলিন, দাম বাঁধা হল সুগার ও প্রেশার সহ ৪০ ওষুধের
  • ১২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিন অপরিহার্য টিকার পর এবার জলাতঙ্কের অপরিহার্য জীবনদায়ী ইঞ্জেকশন ইমিউনোগ্লোবিওলিনের দাম বাড়াল কেন্দ্রীয় সরকার। অ্যান্টি র‌্যাবিস ইমিউনোগ্লোবিউলিনের ১ এমএল-এর (৩০০ আন্তর্জাতিক ইউনিট) এতদিন দাম ছিল ১১২ টাকা ১৯ পয়সা। বাড়িয়ে করা হল ১১৯ টাকা ৪৮ পয়সা। জলাতঙ্কের চিকিৎসকরা জানিয়েছেন, কুকুর, বিড়াল প্রভৃতি প্রাণীর কামড়ে ক্ষতস্থান থেকে রক্ত বের হলে অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া ছাড়াও ক্ষতস্থানে ইমিউনোগ্লোবিউলিন দেওয়া অপরিহার্য। তাতে র‌্যাবিস ভাইরাসকে স্থানীয় জায়গাতেই নিষ্ক্রিয় করে দেওয়া সম্ভব। তা না দিয়ে এইসব ক্ষেত্রে শুধুমাত্র  ০, ৩, ৭, ১৪ এবং ২৮ দিনে অ্যান্টি র‌্যাবিস টিকার কোর্স সম্পূর্ণ করলেও, জলাতঙ্ক হওয়ার আশঙ্কা থেকে যায়। চিন্তার বিষয় হল, সরকারি হাসপাতাল থেকে অ্যান্টি র‌্যাবিস টিকা এবং ইমিউনোগ্লোবিওলিন বিনামূল্যে সরবরাহ করা হলেও, বহু মানুষ এই ইঞ্জেকশন কুকুর, বিড়াল কামড়ানোর ঘটনা হলে ওষুধের দোকান থেকে কেনেন। বিশেষত, হঠাৎ বিপদে হাতের কাছে সরকারি হাসপাতাল না থাকলে বা সেখানে এই ইঞ্জেকশন স্টকে না থাকলে, বাইরে থেকে কেনা ছাড়া উপায় নেই। প্রতি কেজি ওজনে ৪০ আন্তর্জাতিক ইউনিট এই হিসেবে এই ইঞ্জেকশন দিতে হয়। সর্বোচ্চ ১০ এমএল দেওয়া সম্ভব। প্রতি এমএল’এ প্রায় ৭ টাকা বাড়লে, ১০ এমএল’এর দাম বেড়ে যায় ৭০ টাকার কাছাকাছি! জলাতঙ্কের বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুমিত পোদ্দার বলেন, ইমিউনোগ্লোবিউলিন অপরিহার্য ইঞ্জেকশন। দাম বাড়ানো একেবারেই উচিত নয়।একদিকে যেমন এই জীবনদায়ী ইঞ্জেকশনের দাম বাড়ানো হল, অন্যদিকে আরও দুটি নির্দেশনামায় দাম বেঁধে দেওয়া হল ৪০টি ওষুধের। সুগার, প্রেশার, কোলেস্টেরল, জ্বর, হাড়ের সমস্যা, ভিটামিন সহ নানা ধরনের ওষুধ রয়েছে এই তালিকায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ