নয়াদিল্লি: শোধনের জন্য বাড়তি জল নেই! তা সত্ত্বেও ৮৮০ কোটি টাকা ব্যয়ে দু’টি নয়া ওয়াটার ট্রিটমেন্ট ইউনিট তৈরি করেছে দিল্লি। বিজেপি সরকারের এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনিক সূত্রে খবর, রাজধানীতে দিনপিছু ২৫০ মিলিয়ন গ্যালন (এমজিডি বা মিলিয়ন গ্যালন পার ডে) জলের ঘাটতি রয়েছে। দ্বারকা ও চন্দ্রওয়ালে তৈরি নয়া ইউনিটে সব মিলিয়ে ১৫৫ এমজিডি জল শোধন হওয়ার কথা। যা মূল চাহিদার প্রায় ৬০ শতাংশ। কিন্তু, শোধন করার জন্য জল কোথায়? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
দিল্লি জলবোর্ডের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকা ফেজ-২ প্লান্ট তৈরি হয়ে গিয়েছে। সেটি কাজ শুরু করতেও প্রস্তুত। কিন্তু, জলের অভাব রয়েছে। তাই কবে ইউনিটগুলি চালু হবে, বলা মুশকিল। এই প্রকল্পের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, এই প্লান্ট চালু করতে হলে হরিয়ানা থেকে মুনাক খাল দিয়ে বাড়তি জল আনতে হবে। আফসোসের সুরে তিনি বলেন, ২৮০ কোটি টাকা খরচ হয়েছে। ৫০ এমজিডি ক্ষমতাসম্পন্ন ইউনিটটি আট মাস ধরে তৈরি হয়ে পড়ে রয়েছে। একই অবস্থা উত্তর দিল্লির চন্দ্রওয়াল প্লান্টেরও। ৫৯৯ কোটি টাকা ব্যয়ে ইউনিটটি তৈরি হয়েছে। ১৯৩০ সাল থেকে এখানে আরও একটি প্লান্ট রয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, বর্ষার সময় যমুনা নদীর জলস্তর বেড়েছিল। তখন পরীক্ষামূলকভাবে নতুনটি চালু করা হয়েছিল। কিন্তু, জলস্তর নেমে যাওয়ায় সমস্যা দেখা দেয়। এখন পুরানো ইউনিটের জল নতুন প্লান্টে শোধন করা হচ্ছে। অর্থাৎ নতুনটির জন্য অতিরিক্ত কোনো জল নেই।



