নয়াদিল্লি: বিজেপি শাসিত রাজ্য ছত্তিশগড়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। রায়পুরের ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার পতঙ্গবিদ্যা বিষয়ে দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সিমেস্টারের বিএসসি পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ছড়িয়ে বলে অভিযোগ। যার জেরে পরীক্ষা বাতিল করে দিতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রেজিস্ট্রার ডঃ কপিল দেব দীপক জানান, সকাল সাড়ে নটা নাগাদ প্রশ্নপত্র বের করা হয়। দশটা থেকে পরীক্ষা শুরু হয়। হোয়াটসঅ্যাপে যে ছবি ঘুরছিল, সেটি প্রশ্নপত্রের ছবি নয়। কেউ ওই প্রশ্নগুলি তৈরি করেছিল। কিন্তু, আসল প্রশ্নপত্রের সঙ্গে ওই প্রশ্নগুলির ৭০ শতাংশই মিলে যায়। তাই ওই পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। রেজিস্ট্রার আরও জানিয়েছেন, কেউ ইচ্ছা করে পরীক্ষার আগে ওই প্রশ্নগুলি ছড়িয়েছিল কি না, তা খতিয়ে দেখার জন্য পুলিশকে বলা হয়েছে। পরে কৃষি বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অব এগজামিনেশন একটি নির্দেশিকা জারি করে জানান, প্রশাসনিক কারণে ওই পরীক্ষা বাতিল করা হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফের ওই পরীক্ষা হবে। বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন। এবিভিপিও ঘটনার তদন্তের দাবি জানিয়েছে।



