নয়াদিল্লি: মঙ্গলবার দিল্লিতে আয়োজিত হচ্ছে ‘কোয়াড’ ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক। সেখানে পশ্চিম এশিয়ায় সংকটের জন্য অর্থনৈতিক প্রভাব, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে (ইন্দো-প্যাসিফিক রিজিয়ন) বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ ও প্রযুক্তিক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ওই বৈঠকে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিতসু মোতেগি অংশ নেবেন। সভাপতিত্বের দায়িত্বে থাকবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে গঠিত হয় ‘কোয়াড’ জোট। এক বছর আগে আমেরিকায় এই জোট শেষবার বৈঠকে বসেছিল। এবার জোটের বর্তমান সভাপতি হিসাবে ভারত এই বৈঠকের আয়োজন করেছে। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, মুক্ত ও সুরক্ষিত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার বিষয়ে কোয়াডের যে পরিকল্পনা রয়েছে, সেটাই এবারের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে।



