Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়ায় হাসপাতাল বিল্ডিংয়ের দুর্দশা ঘুরে দেখলেন পিডব্লিউডির ইঞ্জিনিয়ার

হলদিয়া মহকুমা হাসপাতালের বিপজ্জনক অপারেশন থিয়েটার ও লেবার ওয়ার্ড বিল্ডিং মেরামতের বিষয়ে মঙ্গলবার বৈঠক করেছে স্বাস্থ্যদপ্তর ও পিডব্লুডির ইঞ্জিনিয়াররা।

হলদিয়ায় হাসপাতাল বিল্ডিংয়ের দুর্দশা  ঘুরে দেখলেন পিডব্লিউডির ইঞ্জিনিয়ার
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: হলদিয়া মহকুমা হাসপাতালের বিপজ্জনক অপারেশন থিয়েটার ও লেবার ওয়ার্ড বিল্ডিং মেরামতের বিষয়ে মঙ্গলবার বৈঠক করেছে স্বাস্থ্যদপ্তর ও পিডব্লুডির ইঞ্জিনিয়াররা। এদিন পূর্ব মেদিনীপুরের সিএমওএইচ বিভাস রায় পিডব্লুডির সদ্য দায়িত্বপ্রাপ্ত এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে হাসপাতালের সমস্যার কথা জানান। কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতাল চালাতে হচ্ছে, নিজেই তা ঘুরিয়ে দেখান সিএমওএইচ। শনিবার হলদিয়া এসে মহকুমা হাসপাতাল নিয়ে জেলাশাসকের জরুরি বৈঠকের পরই কার্যত নড়েচড়ে বসে পিডব্লুডি দপ্তর। ওইদিন মহকুমা শাসকের দপ্তরে মিটিং করে পিডব্লুডিকে দ্রুত মেরামতের নির্দেশ দেন জেলাশাসক। দু’ মাস আগেই গত ১২ ডিসেম্বর রাজ্যের স্বাস্থ্য ভবনের কর্তারা ভিজিটের সময় পিডব্লুডিকে দ্রুত এস্টিমেট করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সেই কাজ গত দু’ মাসে তেমন এগয়নি বলে অভিযোগ জেলা স্বাস্থ্যদপ্তরের। পিডব্লুডির এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার বদলের চক্করে পড়ে হাসপাতাল মেরামতের কাজ থমকে গিয়েছে। এদিন সিএমওএইচ বিভাস রায় বলেন, আগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার হাসপাতাল দেখে গিয়েছিলেন। কিন্তু তাঁর কাছ থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার কোনো ব্রিফিং পাননি। তাই এদিন তিনি নিজে সরেজমিনে দেখতে এসেছিলেন। সিএমওএইচ বলেন, ওই হাসপাতাল বিল্ডিং তৈরি করেছিল হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ। পরে সেটি স্বাস্থ্যদপ্তরকে দেওয়া হয়। কিন্তু হাসপাতাল বিল্ডিং পিডব্লুডির ব্লু বুকে না থাকায় কাজ করতে গিয়ে এত ঝামেলা হচ্ছে। হলদিয়ার মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস বলেন, চেষ্টা করা হচ্ছে মহকুমা হাসপাতালে রোগী ও ডাক্তারদের ঝুঁকি কমাতে। পুরনো বিল্ডিং থেকে কত দ্রুত বিভিন্ন ইউনিট সরানো যায় তা নিয়ে শনিবার জেলাশাসক মিটিং করেছেন। জানা গিয়েছে, পুরনো বিল্ডিংয়ের একাংশ ভেঙে নতুন ৮ তলা বিল্ডিং তৈরি হবে। কিন্তু তার আগে পুরনো বিল্ডিং থেকে জরুরি ইউনিটগুলি সরানো হবে। পুরনো মহকুমা শাসকের বিল্ডিংয়ে সরানো হবে আউটডোর। বার্ন ওয়ার্ডে হবে আধুনিক ইমারজেন্সি ও আইসোলেশন ওয়ার্ড। কোভিড বিল্ডিংয়ে ব্লাড ব্যাঙ্ক সহ এক্স রে ও প্যাথলজি বিভাগ। অপারেশন থিয়েটারকে মেরামত করে পুরনো জায়গায় রেখেই আপাতত পরিষেবা দেওয়া হবে। 

Advertisement

Advertisement
সম্পর্কিত সংবাদ