


নয়াদিল্লি: ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে বসছে অষ্টাদশ ব্রিকস সম্মেলন। সেই বৈঠকে যোগ দিতেই পুতিনের ভারত সফর বলে মঙ্গলবার জানিয়েছে ক্রেমলিন। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে অশান্ত ভূ-রাজনীতি। প্রায় বন্ধ হরমুজ প্রণালী। বিকল্প জ্বালানির উৎস সন্ধান করে চলেছে ভারত। রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে মার্কিন ছাড়পত্রও জোগাড় করেছে দিল্লি। এই পরিস্থিতিতে পুতিনের এই সফরে জ্বালানি ছাড়াও প্রতিরক্ষা ও বাণিজ্য ক্ষেত্রেও রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদী দিল্লি। এই নিয়ে এক বছরের মধ্যে দু’বার ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট।