Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘পুষ্পা’ ময়দান ছাড়লেও কড়া নিরাপত্তায় কাল ভোট ফলতায়

কাল, বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন। তার আগে মঙ্গলবার লড়াইয়ের ময়দান ছেড়ে দিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান

‘পুষ্পা’ ময়দান ছাড়লেও কড়া নিরাপত্তায় কাল ভোট ফলতায়
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাল, বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন। তার আগে মঙ্গলবার লড়াইয়ের ময়দান ছেড়ে দিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। তবে ‘পুষ্পা’ সরে গেলেও ফলতার ভোটে নিরাপত্তায় কোনো খামতি রাখতে নারাজ কমিশন। তাই কাল ফলতা বিধানসভা এলাকায় মোতায়েন থাকবে মোট ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে ১০০ শতাংশ ওয়েব কাস্টিং থেকে কুইক রেসপন্স টিম (কিউআরটি)—সবই প্রস্তুত রাখা হচ্ছে।

Advertisement

সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। গোটা কেন্দ্রে যে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তার মধ্যে ৩১ কোম্পানি থাকবে বুথ নিরাপত্তায়। পাশাপাশি, দ্রুত পরিস্থিতি মোকাবিলার জন্য থাকছে ৩৫টি কুইক রেসপন্স টিম। ভোটপ্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ রাখতে প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। প্রতি বুথের ভিতরে থাকবে দু’টি করে ক্যামেরা এবং বুথের বাইরে থাকবে আরও একটি ক্যামেরা। সেই সব ক্যামেরার মাধ্যমে সরাসরি নজরদারি চালানো হবে। আরও জানা যাচ্ছে, নিরাপত্তার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে প্রতিটি বুথে ন্যূনতম এক সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। অর্থাৎ প্রতিটি বুথে আটজন করে কেন্দ্রীয় জওয়ান থাকবেন। ভোটের আগে প্রযুক্তিগত প্রস্তুতি খতিয়ে দেখার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ওয়েব কাস্টিং ব্যবস্থার ট্রায়াল রান শুরু হয়েছিল। সেই কাজ সম্পন্ন হয়েছে। এখন কেবল ভোট গ্রহণের পালা।
 ফলতায় মোট ২০২টি ভোটগ্রহণ কেন্দ্রে রয়েছে ২৮৫টি বুথ। মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৪৪৪। এর মধ্যে মহিলা ভোটার রয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ১৩৫ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ৩০০। জাহাঙ্গির সহ মোট প্রার্থী ৬ জন। গত ২৯ এপ্রিল, রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণে ফলতায় ইভিএমে আতর, কালো টেপ এঁটে দেওয়া থেকে শুরু করে ভোটারদের জামায় নজরদারি ক্যামেরা লাগানো সহ নানা অভিযোগ উঠেছিল। সেসব অভিযোগ খতিয়ে দেখে কমিশন এখানে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়। ফল জানা যাবে ২৪ মে।

Advertisement
সম্পর্কিত সংবাদ