Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬

পরিবেশগত ছাড়পত্র পেল পুরীর জগন্নাথ বিমানবন্দর

জগন্নাথ মন্দিরের কাছে বিমানবন্দর তৈরিতে পরিবেশগত বাধা কাটল। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক থেকে এব্যাপারে ছাড়পত্র মিলেছে।

পরিবেশগত ছাড়পত্র পেল পুরীর জগন্নাথ বিমানবন্দর
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুরী: জগন্নাথ মন্দিরের কাছে বিমানবন্দর তৈরিতে পরিবেশগত বাধা কাটল। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক থেকে এব্যাপারে ছাড়পত্র মিলেছে। বুধবার একথা জানিয়েছেন পুরীর জেলাশাসক দিব্যজ্যোতি পারিদা। তিনি বলেন, ‘বিমানবন্দর প্রকল্পটির পরিবেশগত ছাড়পত্রের পাশাপাশি কোস্টাল রেগুলেশন জোন (সিআরজেড) সংক্রান্ত ছাড়পত্রও মিলেছে। এবার নো অবজেকশন সার্টিফিকেটের জন্য এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার (এএআই) কাছে আবেদন জানানো হবে। সেই ছাড়পত্র পেলেই এএআইয়ের সঙ্গে সমন্বয় রেখে বিমানবন্দর নির্মাণের কাজ শুরু করবে রাজ্যের পরিবহণ দপ্তর।’

Advertisement

পর্যটকদের সুবিধার জন্য পুরীতে ৪৭১.৩৪৬ হেক্টর জমিতে শ্রীজগন্নাথ আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই জমির মধ্যেই রয়েছে ২৭.৮৮৭ হেক্টর বনভূমি। পুরীর জগন্নাথ মন্দির থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এই আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির বিরোধিতায় পথে নেমেছিলেন পরিবেশকর্মীরা। তাঁদের মতে, এই বিমানবন্দর চালু হলে পরিযায়ী পাখিদের যাতায়াতে বিরূপ প্রভাব পড়বে। উপকূলের বহু প্রাণীও বিপন্ন হয়ে পড়বে। সেই আপত্তি ধোপে টিকল না। প্রথম পর্বে এই বিমানবন্দর দিয়ে বছরে ৪৬ লক্ষ যাত্রী পরিবহণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এটি পুরোপুরি চালু হলে বছরে ১ কোটি ৬০ লক্ষ ৬৯ হাজার জন যাত্রীকে পরিষেবা দেওয়া সম্ভব হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ