দেরাদুন: প্রণামি নয়ছয়ের অভিযোগে ইতিমধ্যে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির (বিকেটিসি) সদস্য প্রমোদ নোটিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মন্দির কমিটির আরও এক প্রাক্তন সদস্যকে পাকড়াও করল সিট। ধৃতের নাম রাজেন্দ্র চৌহান। আজ শনিবার তাঁকে আদালতে পেশ করা হবে। জানা গিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেই রাজেন্দ্রকে তলব করা হয়েছিল। ফুটেজে দেখা গিয়েছে, গত ২২, ২৫ ও ২৯ জুন প্রণামি গণনার সময় নোটের বান্ডিলগুলি নিজের পকেটে ঢোকাচ্ছেন রাজেন্দ্র। এরই মাঝে সিটের কাছে একটি ১৮ পাতার রিপোর্ট জমা দিয়েছে বিকেটিসি দ্বারা গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিটি। সেখানে প্রণামি চুরি আটকাতে আরও বেশি সিসি ক্যামেরা লাগানো ও ড্রেস কোড চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রণামি হিসাবের সময় ভক্তদের যাতে যুক্ত করা হয়, এমন ব্যবস্থা চালু করার কথাও উল্লেখ রয়েছে রিপোর্টে। অন্যদিকে, অযোধ্যার রামমন্দিরে প্রণামি চুরির ঘটনায় অভিযুক্ত রামশংকর (টিন্নু) যাদব ও মণীষ যাদবকে শুক্রবার ৩৯ ঘণ্টার জন্য পুলিশি হেপাজতের নির্দেশে দিয়েছে আদালত। এরই মাঝে রামমন্দিরে ১০ দিনের শুদ্ধিকরণ অনুষ্ঠান শুরু হয়েছে। মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, প্রণামি চুরির পর প্রায়শ্চিত্ত করতে ও রামের কাছে ক্ষমা চাইতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



