Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬

‘শুদ্ধকরণ’ ইস্যু: নাড্ডাকে চিঠি খাড়্গের

৮ আগস্ট উত্তরাখণ্ডের হলদওয়ানির রামলীলা ময়দানে সভা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

‘শুদ্ধকরণ’ ইস্যু: নাড্ডাকে চিঠি খাড়্গের
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ৮ আগস্ট উত্তরাখণ্ডের হলদওয়ানির রামলীলা ময়দানে সভা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এরপর তাঁর সভাস্থল ‘শুদ্ধকরণ’-এর অভিযোগ ওঠে বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতে এবার বিজেপির রাজ্যসভার নেতা জে পি নাড্ডাকে চিঠি দিলেন খাড়্গে। সেখানে রাজ্যসভার বিরোধী দলনেতা বলেছেন, এব্যাপারে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামিকে পদক্ষেপ নিতে বলুন নাড্ডা। 

Advertisement

‘শুদ্ধকরণ’ ইস্যুতে সম্প্রতি উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। এব্যাপারে তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন নাড্ডা। চিঠিতে সেকথা মনে করিয়ে দেন খাড়্গে। তিনি লেখেন, ‘১৩ আগস্ট রাজ্যসভায় অত্যন্ত দুঃখের সঙ্গে অস্পৃশ্যতার এই ঘটনার কথা উল্লেখ করেছিলাম। সেখানে আপনি বলেছিলেন, এই ঘটনা সকলের জন্য দুঃখজনক। তদন্তের আশ্বাস দিয়েছিলেন। বলেছিলেন, বিজেপি এই ধরনের কাজকে সমর্থন করে না। তবে ঘটনার ২৪ দিন পরেও অভিযুক্তদের বিরুদ্ধে একটি এফআইআর পর্যন্ত দায়ের করা হয়নি।’ খাড়্গে বলেছেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে যাতে এফআইআর দায়ের হয় তা নিশ্চিত করুন উত্তরপাখণ্ডের মুখ্যমন্ত্রী। আপনি তাঁকে এই নির্দেশ দিন। ফের একবার এই আরজি জানালাম।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ