ওয়াশিংটন: কুখ্যাত গ্যাংস্টারকে মদতের অভিযোগ। গ্রেপ্তার করা হল পাঞ্জাব পুলিশের আধিকারিককে গুরিন্দরজিত্ সিং নাগরাকে। মার্কিন মুলুকের এক পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভুয়ো খুনের মামলা দায়েরের হুমকি তিনি দিয়েছিলেন বলে অভিযোগ। ওই পরিবারের ভারতে বসবাসকারী সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে গুরিন্দরজিৎ চার কোটি টাকা ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ। ওই সময় তান্ডা থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) হিসাবে কর্মরত ছিলেন ওই পুলিশকর্তা। বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসন ও গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে এফবিআই জানায়, গ্যাংস্টার জগ্গু ভগবানপুরিয়ার গ্যাংয়ের সঙ্গে যুক্ত গুরিন্দরজিত্। গ্যাংস্টারের নির্দেশেই লস অ্যাঞ্জেলসের ওই পরিবারের থেকে চার কোটি টাকা ঘুষ চেয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই ওই পুলিশকর্তাকে ক্লোজ করা হয়েছিল।



