Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সামনে পাঞ্জাব কিংস, হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে মরিয়া চেন্নাই

শনির দশা কিছুতেই কাটছে না চেন্নাই সুপার কিংসের। হারের হ্যাটট্রিকে টেবিলের নবম স্থানে মহেন্দ্র সিং ধোনিরা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়নরা মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংসের।

সামনে পাঞ্জাব কিংস, হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে মরিয়া চেন্নাই
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুল্লানপুর: শনির দশা কিছুতেই কাটছে না চেন্নাই সুপার কিংসের। হারের হ্যাটট্রিকে টেবিলের নবম স্থানে মহেন্দ্র সিং ধোনিরা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়নরা মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংসের। মঙ্গলবার জয়ের সরণিতে ফিরতে মরিয়া হলুদ-ব্রিগেড। তবে কাজটা মোটেই সহজ নয়। শেষ ম্যাচে হারলেও পাঞ্জাব যথেষ্ট শক্তিশালী দল। প্রথম দুই ম্যাচে দাপটে জিতেছিলেন শ্রেয়স আয়াররা। তাই ঘরের মাঠে তাঁরাও জয়ে ফিরতে জান লড়িয়ে দেবেন।

Advertisement

চলতি আসরে মূলত ব্যাটিং ব্যর্থতাই ডোবাচ্ছে চেন্নাইকে। টপ অর্ডারে রাচীন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড়রা ধারাবাহিকতার অভাবে ভুগছেন। গত ম্যাচে রাহুল ত্রিপাঠিকে বসিয়ে ডেভন কনওয়েকে সুযোগ দেওয়া হয়েছিল। তিনিও দাগ কাটতে ব্যর্থ। মিডল অর্ডারে শিবম দুবে ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন। মহেন্দ্র সিং ধোনির ব্যাটেও আগের মতো ধার নেই। বলাই বাহুল্য, প্রথমে ব্যাট করে প্রতিপক্ষ দল স্কোরবোর্ডে ১৭০-১৮০ রান তুললেই চাপে পড়ে যাচ্ছে হলুদ-ব্রিগেড। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিতে হবে। চেন্নাইয়ের বোলিং অবশ্য যথেষ্ট শক্তিশালী। পেস আক্রমণে মাথিশা পাথিরানা, খলিল আহমেদরা ছন্দে রয়েছেন। স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজার সঙ্গে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও নুর আহমেদ।
পক্ষান্তরে, তিন ম্যাচের দু’টিতে জিতে টেবিলের উপরের দিকে রয়েছে পাঞ্জাব কিংস। আইপিএলে প্রথমবার ট্রফির স্বাদ পাওয়ার লক্ষ্যে এবার ঢেলে দল সাজিয়েছে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। নতুন অধিনায়ক শ্রেয়স আয়ার ব্যাট হাতে স্বপ্নের ফর্মে রয়েছেন। এখনও পর্যন্ত তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১৫৯। যোগ্য নেতার হিসেবে নিজের পারফরম্যান্স দিয়ে গোটা দলকে উদ্বুদ্ধ করছেন তিনি। এছাড়া প্রভসিমরণ সিং, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিংরাও রানের মধ্যে আছেন। বোলিংয়ে অর্শদীপ সিং, মার্কো জানসেন, লকি ফার্গুসন নিয়মিত উইকেট পাচ্ছেন। এই ম্যাচে আলাদা করে নজর থাকবে যুযবেন্দ্র চাহালের উপর। চেন্নাইয়ের বিরুদ্ধে তাঁর পরিসংখ্যান বরবারই উজ্জ্বল। কিন্তু চলতি আসরে একেবারেই ফর্মে নেই যুজি। তাঁকে ঘিরে বাড়ছে সমালোচনা। তাই তাঁর সামনে চ্যালেঞ্জ ঘুরে দাঁড়ানোর। এছাড়া বল হাতে ম্যাক্সওয়েলও কার্যকরী হয়ে উঠতে পারেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ