চণ্ডীগড়: ফের পথে নামছে কৃষকরা। এবার ভারত-মার্কিন প্রস্তাবিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিযানের ডাক দিয়েছেন পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। তাঁদের কিষান বাঁচাও পদযাত্রা ঘিরে নতুন করে সংঘাতের আশঙ্কা করছে হরিয়ানা পুলিশ।
চণ্ডীগড়: ফের পথে নামছে কৃষকরা। এবার ভারত-মার্কিন প্রস্তাবিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিযানের ডাক দিয়েছেন পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। তাঁদের কিষান বাঁচাও পদযাত্রা ঘিরে নতুন করে সংঘাতের আশঙ্কা করছে হরিয়ানা পুলিশ।
প্রশাসনের আশঙ্কা, কৃষকদের সঙ্গে পুলিশের সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে হরিয়ানার জিন্দ এবং পাঞ্জাবের সাঙ্গরুর সীমানা। পাঞ্জাবের কৃষকরা যাতে হরিয়ানায় প্রবেশ করতে না পারে, সেজন্য যাবতীয় ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে। ইতিমধ্যে দুই রাজ্যের সীমানায় উঁচু ব্যারিকেড তৈরি করে যানবাহন নিয়ন্ত্রণ শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, সোমবার সকালে পাঞ্জাবের দাতাসিংওয়ালা গ্রাম থেকে সংযুক্ত কিষান মোর্চার নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালার নেতৃত্বে দিল্লির যন্তরমন্তরে উদ্দেশে রওনা দেবেন কৃষকরা। প্রথম দফায় অন্তত ৫১ জন পরে হরিয়ানা থেকে আরও কৃষক পদযাত্রায় অংশ নেবেন। ২০২৪ সালে দিল্লি চলো আন্দোলনে নেমে ভাতিন্ডায় পুলিশের লাঠিতে গুরুতর জখম হন ২১ বছরের তরুণ কৃষক শুভকরণ সিং। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছিল। রবিবার বিকেল তিনটে নাগাদ শুভকরণের শহিদবেদীতে জড়ো হন কৃষকরা। গত সপ্তাহে হরিয়ানার আম্বালা ও হাসিতে শিখ আন্দোলনকারীদের উপর বলপ্রয়োগের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এই পরিস্থিতিতে নতুন করে কোনো ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। জিন্দের পুলিশ সুপার কুলদীপ সিং বলেন, কৃষকদের আন্দোলন ঘিরে পুরো জেলা স্তব্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধুমাত্র খানৌরি সীমানায় পাঞ্জাবে থেকে আসা এবং যাওয়া গাড়িগুলিকে বিকল্প পথ ধরতে বলা হয়েছে। অন্যান্য সড়কগুলিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ২০২১ সালে তিনটি বিতর্কিত শ্রম আইন বাতিলের দাবিতে মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন কৃষকরা।