সোহম কর, কলকাতা: একদা পুজোর আগে চর্চার বিষয় ছিল কোন ক্লাব এই বছর কী থিম করছে! কিন্তু এবার বিষয়টি একটু অন্যরকম। পুজোর আগে চর্চায় এসেছে, বাঙালি কি পুজোয় আমিষ খাবে? এই প্রশ্নে বারবার উত্তপ্ত হয়েছে রাজ্য-রাজনীতি। এবার এই আমিষ-নিরামিষ বিতর্ক চলে এসেছে পুজোর ফ্যাশনেও। টি-শার্ট বিক্রি হচ্ছে, যেখানে লেখা ‘পুজো সবার, উইথ নন ভেজ খাবার’।
বাংলায় লেখা বিভিন্ন প্রবাদ বাক্য কিংবা স্লোগানের টি-শার্ট গত কয়েক বছরে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে এই ধরনের টি-শার্ট পরার প্রবণতা খুবই বেশি। বাংলাদেশ-বাংলাদেশি বিতর্কের সময়ও এমন টি-শার্ট দেখা গিয়েছিল। এবার পুজোতেও এসেছে নতুন টি-শার্ট। যার বুকে লেখা, ‘পুজো সবার, উইথ নন ভেজ খাবার’। এর সঙ্গে নুডলস, রোলের ছবি। আরও একটি ডিজাইনে লেখা রয়েছে, ‘পুজো সবার, সঙ্গে নন ভেজ খাবার’। সেখানে আবার মুরগির লেগ পিসের ছবি। আবার পাশাপাশি ‘সনাতনী’ লেখা টি-শার্টও রয়েছে। এইসব টি-শার্ট বিক্রেতা সংস্থার কর্ণধার অনিন্দ্য সাঁই বলছিলেন, ‘বিক্রি তো ভালোই হচ্ছে। সনাতনী টি-শার্ট অনেকদিন আগে তৈরি করেছিলাম। আমিষের বিষয়টি আমার কাছে খুব হাস্যকর লেগেছে। তাই এটা তৈরি করা। আমরা টি-শার্ট তৈরি করি বিক্রির জন্য। এখন ভালোই বিক্রি হচ্ছে।’ পুজোর সঙ্গে যুক্ত বিভিন্ন বাক্য যেমন, ‘অষ্টমীর আড্ডা’, ‘আসছে বছর আবার হবে’, এই ধরনের লেখা টি-শার্টও বিক্রি হচ্ছে। পুজোর খাওয়া দাওয়া নিয়ে আরও একটি টি-শার্ট বাজারে এসেছে। তাতে লেখা ‘পুজোয় পেট পুজো’। এই লেখার সঙ্গে আবার মাছ-মাংসর ছবি বসানো হয়েছে।
ব্যবসায়ীদের বক্তব্য, চর্চিত বিষয় নিয়ে তৈরি এই সব টি-শার্টের বিক্রি বেশ ভালোই। তরুণ থেকে মাঝবয়সিদের মধ্যে এই ধরনের জামা কাপড়ের চাহিদা দেখা যাচ্ছে। সল্টলেকের বাসিন্দা এক তরুণের বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের টি-শার্ট প্রথম আমার নজরে আসে। আমার তো বেশ ভালোই লাগে বাংলা লেখা টি-শার্ট পরতে। আর আমিষ-নিরামিষের বিষয়টা খুবই হাস্যকর। সেই বার্তা লেখা টি-শার্টে পরে যদি পুজোর সময় রাস্তায় বেরতে পারি, তার চেয়ে ভালো কিছু হতে পারে না।
ফলে এই পুজোয় নিরামিষ খাওয়ার নিদান উড়িয়ে ওই টি-শার্ট পরে চিকেন রোল খেতে খেতে সেলফি, এই সুযোগ হাতছাড়া করবে ক’জন!



