নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুজো মণ্ডপের হদিশ থেকে ট্রাফিকের দিক-নির্দেশনা, নিরাপত্তা ও জরুরি পরিষেবার তথ্য— দুর্গাপুজোয় দর্শনার্থীদের সুবিধার্থে গাইড ম্যাপ ও মোবাইল অ্যাপ চালু করল হাওড়া পুলিশ কমিশনারেট। শনিবার শরৎসদনে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন হয়। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন পুজো কমিটির হাতে সরকারি পুজো অনুদানের চেকও তুলে দেওয়া হয়।
পুজোর দিনগুলিতে শহরের বিভিন্ন প্রান্তে দর্শনার্থীদের ভিড় সামলানো এবং তাঁদের নিরাপদে মণ্ডপে পৌঁছানোর ব্যবস্থা করাই পুলিশের কাছে বড়ো চ্যালেঞ্জ। সেই কথা মাথায় রেখেই গাইড ম্যাপ ও অ্যাপের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে পুজো সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সহজেই হাতের মুঠোয় পাবেন সাধারণ মানুষ। ট্রাফিক নিয়ন্ত্রণ, নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা এবং জরুরি পরিষেবার তথ্যও জানা যাবে। পুজোর ভিড়ে পথ খুঁজতে গিয়ে যাতে সমস্যায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছে হাওড়া সিটি পুলিশ।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় মঠের স্বামী মুক্তেশানন্দজি মহারাজ, রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রাই, হাওড়ার জেলাশাসক, বিধায়ক রুদ্রনীল ঘোষ ও সঞ্জয় সিং। এছাড়াও হাওড়া পুলিশ কমিশনারেটের পদস্থ আধিকারিক এবং বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন। পুলিশের উদ্যোগে পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের যাতায়াত আরও সুগম করা এবং নিরাপত্তা বজায় রাখার উপর জোর দেওয়া হচ্ছে। গাইড ম্যাপ ও অ্যাপের পাশাপাশি সরকারি অনুদানের চেক বিতরণ হয় এদিন।



