নেশাগ্রস্ত বন্দিদের হস্তশিল্প- সংস্কৃতি চর্চার পরামর্শ মনোবিদদের
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মন ভালো রাখতে নেশাগ্রস্ত বন্দিদের সাংস্কৃতিক চর্চা ও হস্তশিল্পের সঙ্গে আরও বেশি করে যুক্ত থাকার পরামর্শ দিলেন মনোবিদরা। প্রেসিডেন্সি ও আলিপুর মহিলা সংশোধনাগারের এমন ১২৫জন বন্দিকে সম্প্রতি প্রশিক্ষণও দেওয়া হয়। প্রেসিডেন্সির ৭০জন ও আলিপুর মহিলা জেলের ৫৫জন বন্দি এই সচেতনতা শিবিরে অংশ নেন। কলকাতা জেলা লিগ্যাল এইডের উদ্যোগে চলে এই শিবির। এই আইনি সহয়তা কেন্দ্রের সচিব তথা বিচারক অর্পিতা ঘোষ বুধবার বলেন, ‘মনোবিদরা প্রশিক্ষণপ্রাপ্ত ওই বন্দিদের জানিয়েছেন, তাঁদের নাটক, গান শোনা ছাড়াও নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে বেশি করে যুক্ত থাকতে হবে। এর পাশপাশি জেলের অভ্যম্তরে গাছগাছালি পরিচর্যা এবং নানা হাতের কাজের শিল্পকর্মের সঙ্গে আরও বেশি মাত্রায় জড়িত থাকতে হবে।’  দু’দিনের এই শিবিরে লিগ্যাল এইড ও দুই সংশোধনাগারের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পুলিশের হাতে ধরা পড়া এই অভিযুক্তরা কোনো না কোনো নেশার সঙ্গে যুক্ত ছিলেন। জেলে এসে তাঁরা নেশা করতে না পেরে মানসিক অবসাদে ভুগতে থাকেন। অবসাদ কাটাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জেল ও লিগ্যাল এইড সূত্রে জানানো হয়েছে। 

Advertisement