


মাদ্রিদ: টানা পঞ্চম মরশুমের জন্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে একে অপরের মুখোমুখি হতে চলেছে রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে পেপ ব্রিগেডের চ্যালেঞ্জ সামলাতে তৈরি ভিনিসিয়াসরা। উল্লেখ্য, চলতি মরশুমে ইতিমধ্যেই গ্রুপ পর্বে রিয়ালকে টেক্কা দিয়েছে সিটি। অ্যাওয়ে ম্যাচ ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিলেন আর্লিং হালান্ডরা। তাই বুধবারও সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য ম্যান সিটির। পক্ষান্তরে, ঘরের মাঠে জয় তুলে নিতে মরিয়া রিয়াল।
চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বের লড়াইয়ে সিটিকে বারবার টেক্কা দিয়েছে মাদ্রিদ জায়ান্টরা। শেষ চারবারের মধ্যে তিনবার শেষ হাসি হেসেছে তারা। এর মধ্যে গতবার প্লে-অফে দু’লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে জেতে রিয়াল। তবে এবারের পরিস্থিতি অনেকটাই আলাদা। বিশেষত চোট-আঘাতের জেরে বুধবার দলের একাধিক ফুটবলারকে পাবেন না কোচ আলভারো আর্বেলোয়া। সেই তালিকায় নাম রয়েছে কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম, রডরিগো, এডের মিলিতাও, ড্যানি সেবালোস ও আলভারো কারেরাস। হাঁটুর চোট সারিয়ে অবশ্য মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন ফরাসি তারকা। তবে তাঁকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ রিয়াল কোচ।
অন্যদিকে, দুরন্ত ছন্দে ম্যান সিটি। সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ ১১ ম্যাচে অপরাজিত তারা। তার মধ্যে জয় এসেছে ৯টিতে। গত ম্যাচে এফএ কাপের লড়াইয়ে নিয়মিত প্রথম একাদশে ৯টি পরিবর্তন এনেছিলেন কোচ পেপ। তা সত্ত্বেও ৩-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়েন সিটিজেনরা। গ্রুপ পর্বে রিয়ালের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করেছিলেন হালান্ডরা। নক-আউটের লড়াইয়ে নামার আগে অবশ্য প্রতিপক্ষকে বেশ সমীহ করছেন পেপ। তিনি বলেন, ‘ঘরের মাঠে রিয়ালের বিরুদ্ধে লড়াই সবসময় কঠিন। তাই আমাদের সতর্ক থাকতে হবে। গ্রুপ পর্বে জিতলেও আত্মতুষ্টির কোনও জায়গা নেই।’
দিনের অপর ম্যাচে পিএসজি’র মুখোমুখি হবে চেলসি। মরশুমের শুরুতে প্যারিসের দলটিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপ ঘরে তুলেছিল দ্য ব্লুজ। তাই বুধবার পার্ক দ্য প্রিন্সেসে লুই এনরিকে ব্রিগেডের কাছে লড়াইটা প্রতিশোধের। চেলসির বিরুদ্ধে নামার আগে অবশ্য খুব একটা স্বস্তিতে নেই পিএসজি। ফরাসি লিগের গত ম্যাচে মোনাকোর কাছে ১-৩ ব্যবধানে বশ মানে তারা। কোচ এনরিকে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে নামছে আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে গানারদের প্রতিপক্ষ লেভারকুসেন। গ্রুপ পর্বে টানা ৮ ম্যাচেই জয় পেয়েছে লন্ডনের ক্লাবটি।