Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আতলেতিকোকে ৪ গোল পিএসজি’র

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রেশ কাটিয়ে ক্লাব বিশ্বকাপে নেমে পড়ল পিএসজি। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ল লুই এনরিকে ব্রিগেড।

আতলেতিকোকে ৪ গোল পিএসজি’র
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আতলেতিকো-০                        :              পিএসজি- ৪

Advertisement

ক্যালিফোর্নিয়া: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রেশ কাটিয়ে ক্লাব বিশ্বকাপে নেমে পড়ল পিএসজি। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ল লুই এনরিকে ব্রিগেড। ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে আতলেতিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারাল তারা। একপেশে লড়াইয়ে প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে প্যারিসের ক্লাবটি। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে আতলেতিকোর লজ্জা আরও বাড়ত। ম্যাচে পিএসজি’র হয়ে জাল কাঁপান যথাক্রমে ফাবিয়ান রুইজ, ভিতিনহা, সেনি মায়ুলু ও লি কাং-ইন। গ্রুপের অন্য ম্যাচে সিয়াটলে সাউন্ডার্সকে ২-১ গোলে হারাল বোটাফোগো।
লুই এনরিকের হাত ধরে স্বপ্নের মরশুম কাটিয়েছে পিএসজি। ফরাসি লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ প্রথমবারের জন্য ত্রিমুকুটের স্বাদ পায় ফরাসি ক্লাবটি। এবার ক্লাব বিশ্বকাপেও সেই ছন্দ ধরে রেখে সাফল্য পেতে মরিয়া তারা। শুরুটাও দারুণ করল এনরিকে ব্রিগেড। জাতীয় দলের হয়ে চোট পাওয়া ডেম্বেলেকে বাইরে রেখেই এদিন দল সাজান পিএসজি কোচ। তবে এই তারকা উইঙ্গারের অভাব বুঝতে দেননি দুয়ে-র‌্যামোসরা। ম্যাচের শুরুতেই পিএসজি’কে কাঙ্ক্ষিত লিড এনে দেন ফাবিয়ান রুইজ। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুরন্ত শটে জাল কাঁপান তিনি (১-০)। এরপর প্রথমার্ধের সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান ভিতিনহা।
দ্বিতীয়ার্ধে জুলিয়ান আলভারেজ ব্যবধান কমালেও, ভারের সাহায্য নিয়ে তা বাতিল করেন রেফারি। এরপরই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্লেমেন্ট লেংলেট। ফলে শেষ ১২ মিনিট একজন কম নিয়েই খেলে আতলেতিকো। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগায় এনরিকে ব্রিগেড। ৮৭ মিনিটে ব্যবধান ৩-০ করেন সেনি মায়ুলু। আর সংযোজিত সময়ে আতলেতিকো কফিনে শেষ পেরেকটি পোতেন আর এক পরিবর্ত ফুটবলার লি কাং-ইন।

সম্পর্কিত সংবাদ