


প্যারিস: ‘বন্যেরা বনে সুন্দর, পিএসজি প্যারিসে।’ দুই মরশুম আগেও এমনই কটাক্ষের মুখে পড়তে হত ফরাসি ক্লাবটিকে। দলের কর্ণধার ধনকুবের নাসের আল খেলাফি টাকার থলি নিয়ে বছরের পর বছর তারকাখচিত দল গড়েছেন। রোনাল্ডিনহো, ডেভিড বেকহ্যাম, জলাটন ইব্রাহিমোভিচ, লায়োনেল মেসি, নেইমার, এমবাপের মতো ফুটবলাররা পিএসজি জার্সি গায়ে চাপিয়েছেন। তবে ইউরোপ সেরার আসরে শিরোপা জয়ের স্বপ্ন অধরাই থাকে তাদের। অবশেষে গত মরশুমে তারকা বন্দনার ঘরানা থেকে বেরিয়ে আসে প্যারিসের ক্লাবটি। আর তাতেই সাফল্য। কোচ লুই এনরিকের হাত ধরে ক্লাব ইতিহাসে প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় তারা। চলতি মরশুমেও সেই ছন্দ ধরে রেখে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে পিএসজি। তবে এবার তাদের সামনে কঠিন লড়াই। মঙ্গলবার সেমি-ফাইনালে প্রথম লেগে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবেন ডেম্বেলেরা। ভিনসেন্ট কোম্পানির প্রশিক্ষণে স্বপ্নের ফর্মে রয়েছে জার্মান ক্লাবটি। ইতিমধ্যেই বুন্দেশলিগা খেতাব নিশ্চিত করেছেন হ্যারি কেনরা। এবার তাঁদের চোখ ইউরোপ সেরার শিরোপায়। সেই লক্ষ্যে মঙ্গলবার জিতে ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখাই লক্ষ্য বায়ার্নের। তবে পিএসজিও কড়া চ্যালেঞ্জ জানাতে তৈরি।
১৯৮৬-৮৭ মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে পথ চলা শুরু করে পিএসজি। তবে প্রথম জয়ের জন্য অপেক্ষা করতে হয় আট বছর। ১৯৯৪-৯৫ মরশুমে গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে জয়ের খাতা খোলে তারা। দীর্ঘ দু’দশক পর সেই বায়ার্নের বিরুদ্ধেই শততম জয়ের সামনে দাঁড়িয়ে প্যারিসের ক্লাবটি। তবে এই ম্যাচের আগে একাধিক চোট সমস্যায় জর্জরিত পিএসজি। ভিতিনহা, ফাবিয়ান রুইজ, ডেসিরো দুয়ে, নুনো মেনডেজ —সকলেই চোটের সঙ্গে লড়াই চালাচ্ছেন। কোচ এনরিকে অবশ্য তা নিয়ে খুব একটা চিন্তিত নন। তাঁর কথায়, ‘টুর্নামেন্টের দুই ধারাবাহিক দল একে অপরের মুখোমুখি হচ্ছে। উপভোগ্য লড়াই হবে। সেখানে অতীতের ফল কোনও গুরুত্ব রাখে না। ঘরের মাঠে খেলতে নামছি আমরা। সেই সুযোগ কাজে লাগাতে হবে।’
মঙ্গলবার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিপাকে বায়ার্নও। টুর্নামেন্টে তিনটি হলুদ কার্ড দেখার জেরে শেষ চারের প্রথম লেগে ডাগ-আউটে থাকবেন না কোচ ভিনসেন্ট কোম্পানি। পাশাপাশি বেশ কয়েকজন ফুটবলারের চোট রয়েছে। তবে পিএসজি’র বিরুদ্ধে লড়াইয়ের আগে আপফ্রন্টে হ্যারি কেনের দুরন্ত ফর্ম ভরসা জোগাচ্ছে জার্মান ক্লাবটিকে। চলতি মরশুমে ইতিমধ্যেই ৫৩টি গোল রয়েছে তাঁর নামের পাশে। তবে গত কয়েক বছরে যেভাবে নক-আউটে বারবার মুখ থুবড়ে পড়েছে বায়ার্নের, তা কিছুটা হলেও চিন্তায় বিষয়। কোচ কোম্পানির মন্তব্য, ‘পিএসজি গতবারের চ্যাম্পিয়ন। এবারও দারুণ খেলছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। দুর্গ অক্ষত রাখাই প্রথম লক্ষ্য।’
ম্যাচ শুরু রাত ১২-৩০ মিনিটে। সরাসরি সোনি স্পোর্টসে।