লন্ডন: ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ফ্রান্সের স্তেদ দ্য ফঁসেতে খেতাবি লড়াইয়ে বার্সেলোনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্সেনালের। সেই প্রথম আর সেই শেষ। আর কখনও ইউরোপ সেরার লড়াইয়ে ফাইনালে পৌঁছতে পারেনি গানাররা। তবে মিকেল আর্তেতার হাত ধরে চলতি মরশুমে স্বপ্নের ফর্মে রয়েছেন বুকায়ো সাকারা। শেষ আটের লড়াইয়ে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে দু’লেগে হারিয়েছেন তাঁরা। এবার সেমি-ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ পিএসজি। ফরাসি ক্লাবটির বিরুদ্ধে সেই ছন্দ ধরে রাখার লক্ষ্যেই মঙ্গলবার প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে লড়াইয়ে নামছে গানাররা। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এবার শেষ চারের লড়াইয়েও প্রথম লেগে জিতে ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখাই লক্ষ্য আর্তেতা-ব্রিগেডের। পক্ষান্তরে, পিএসজি’ও প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্যে অবিচল। কোচ লুই এনরিকের প্রশিক্ষণে দারুণ খেলছেন ডেম্বেলেরা। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে দুর্গ অক্ষত রাখতে পারলে, ফিরতি লেগে কিছুটা হলেও অ্যাডভান্টেজে থাকবেন তাঁরা।
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য গত কয়েক বছর জলের মতো অর্থ খরচ করেছে পিএসজি। মেসি, নেইমার, এমবাপেরাও প্যারিসের ক্লাবটিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ। ২০১৯-২০ মরশুমে ফাইনালে পৌঁছলেও, বায়ার্নের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় পিএসজি’র। চলতি মরশুমে তাই নামের পিছনে না ছুটে একঝাঁক তরুণ ফুটবলার নিয়ে একের পর এক হার্ডল টপকে চলেছেন কোচ এনরিকে। এরমধ্যে শেষ ষোলোর লড়াইয়ে লিভারপুলকে হারানোটা ছিল বড় চমক। শেষ আটের লড়াইয়ে তারা বশ মানায় প্রিমিয়ার লিগের আর এক ক্লাব অ্যাস্টন ভিলাকে। তবে আর্সেনালের বিরুদ্ধে লড়াই আরও কঠিন তা ভালোই জানেন অভিজ্ঞ এই স্প্যানিশ কোচ। এমনকী, হেড টু হেডের নিরিখেও অনেকটাই পিছিয়ে পিএসজি। তিনবারের সাক্ষাতে দু’বার ড্র ও একবার জয় পেয়েছে আর্সেনাল। এমনকী, ফরাসি লিগে শেষ দু’টি ম্যাচে জয় পায়নি পিএসজি। তবে যাবতীয় পরিসংখ্যান ভুলে আর্তেতা-ব্রিগেডকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি তারা।
কার্ড সমস্যায় মঙ্গলবার টমাস পার্তেকে পাবে না আর্সেনাল। এছাড়া চোটের কারণে এই ম্যাচেও নেই হাভার্ট, বেন হোয়াইট, জর্জিনহো ও হেসাস। তবে রিয়ালের বিরুদ্ধে ডেকলান রাইস-মিকেল মেরিনোদের পারফরম্যান্স অনেক বেশি স্বস্তিতে রাখছে গানারদের। পিএসজি দলে অবশ্য চোট-আঘাতের খুব একটা সমস্যা নেই। তবে শেষ ম্যাচে নিসের বিরুদ্ধে হার কিছুটা হলেও গলার কাঁটার মতো বিঁধছে কোচ এনরিকের। তাই আর্সেনালের শক্তিশালী আক্রমণভাগকে শান্ত রাখাই মঙ্গলবার তাঁর বড় চ্যালেঞ্জ।