Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চাকরির পরীক্ষায় ওএমআর শিটে ত্রুটি, কড়া ব্যবস্থা গ্রহণ পিএসসির

স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষায় ‘ওএমআর শিট’ নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। তদন্ত ও আইনি লড়াইয়ের ক্ষেত্রে অন্যতম বিষয় ছিল ওএমআর শিট সংবলিত উত্তরপত্র। অনেক ব্ল্যাঙ্ক বা ফাঁকা শিট জমা পড়েছিল বলে অভিযোগ ওঠে।

চাকরির পরীক্ষায় ওএমআর শিটে  ত্রুটি, কড়া ব্যবস্থা গ্রহণ পিএসসির
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষায় ‘ওএমআর শিট’ নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। তদন্ত ও আইনি লড়াইয়ের ক্ষেত্রে অন্যতম বিষয় ছিল ওএমআর শিট সংবলিত উত্তরপত্র। অনেক ব্ল্যাঙ্ক বা ফাঁকা শিট জমা পড়েছিল বলে অভিযোগ ওঠে। এবার এই ধরনের  বিতর্ক যাতে নতুন করে তৈরি না-হয় তার জন্য কড়া ব্যবস্থা নিল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। সম্প্রতি পিএসসি ২০২৩ সালের মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার প্রাথমিক লিখিত পরীক্ষায় সফল ১০,২২৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এই পরীক্ষার্থীরা আগস্টে চূড়ান্ত লিখিত পরীক্ষা দেবেন। সফল প্রার্থীদের তালিকা প্রকাশের দিন সাতেক পর পিএসসি পৃথক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, ফাঁকা ওএমআর শিট জমা দেওয়া-সহ আরও কিছু অনিয়মের জন্য মোট ৪৯ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। ওএমআর শিটে গোলমালের জন্য যাঁদের পরীক্ষা বাতিল করা হয়েছে উল্লেখ করে দেওয়া হয়েছে তাঁদের রোল নম্বরগুলি। ৪৯ জনের মধ্যে ৩১ জনের পরীক্ষা বাতিল হয়েছে ওএমআর শিট ফাঁকা রাখার জন্য। বাকিদের ওএমআর শিটে অন্যান্য গোলমাল আছে। শিটে সই না-থাকার কারণে পরীক্ষা বাতিল হয়েছে দু’জনের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ