Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্র্যাকটিসে চনমনে রোহিত-হার্দিকরা  

প্র্যাকটিসে চনমনে রোহিত-হার্দিকরা
 
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নাগপুর: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রস্তুতি শুরু করে দিল ভারত। মঙ্গলবার প্রায় চার ঘণ্টার প্র্যাকটিসে চনমনে দেখাল বিরাট কোহলি, ঋষভ পন্থদের। একগাল হাসিতে অধিনায়ক রোহিত শর্মাকেও মনে হয়েছে চাপমুক্ত। এই সিরিজে দুই মহারথীকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। অস্ট্রেলিয়া সফরের পর ঘরোয়া ক্রিকেটেও রান পাননি দু’জনে। ধারাবাহিক ব্যর্থতা ঝেড়ে ফেলে পছন্দের ফরম্যাটে তাঁরা ছন্দে ফেরেন কিনা, তা নিয়েই চলছে চর্চা। তবে বিরাট-রোহিতের শরীরী ভাষায় কোনও চাপ ধরা পড়েনি। বরং হাসি-ঠাট্টায় ফুরফুরে মেজাজেই দেখা গেল তাঁদের।
Advertisement
এদিন প্রথমে ফিল্ডিং কোচ টি দিলীপের তত্ত্বাবধানে ক্যাচিং ও থ্রোয়িংয়ের অনুশীলন চলে। এরপর বিরাট-রোহিতরা ব্যাট হাতে যান নেটে। পেস ও স্পিন— দু’ধরনের বোলিংয়ের বিরুদ্ধে ব্যাট করেন তাঁরা। হার্দিক পান্ডিয়াকেও দেখা গেল মেজাজে। টি-২০ সিরিজে বলে ব্যাটে ছন্দে ছিলেন তিনি। সেই ধারাবাহিকতা ধরে রাখাই তাঁর চ্যালেঞ্জ। লোকেশ রাহুল আবার কিপিং গ্লাভস পরে দীর্ঘক্ষণ প্র্যাকটিস করলেন। আভাস যা, তাতে পন্থ নন, তিনিই সম্ভবত কিপিং করবেন এই সিরিজে।
পেসারদের মধ্যে অনুশীলনে নজর কাড়েন মহম্মদ সামি। ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচে তিন উইকেট নেন তিনি। সামিই ছিলেন দলের সফলতম বোলার। সেই আত্মবিশ্বাস এই সিরিজে সঙ্গী হবে বর্ষীয়ান পেসারের। সিরিজে নেই যশপ্রীত বুমরাহ। ফলে সামির কাঁধে বাড়তি দায়িত্ব। নেটে হাত ঘোরাতে দেখা গেল রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দরদেরও। বোলিং কোচ মর্নি মর্কেলকে আবার দীর্ঘসময় ধরে বোলারদের সঙ্গে কথা বলেন। তাঁর পরামর্শ মেনে বৈচিত্র্য বাড়ানোর দিকে জোর দেন বোলাররা।
Advertisement
সম্পর্কিত সংবাদ