Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

প্রতিকূলতা কাটিয়ে জয়ে ফিরতে মরিয়া কোচ ব্রুজোঁ

প্রতিকূলতা কাটিয়ে জয়ে ফিরতে মরিয়া কোচ ব্রুজোঁ
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সঞ্জয় সরকার, কলকাতা: অনুশীলন সবে শুরু। শীতের সকালের মিঠে রোদ গায়ে মেখে প্রস্তুতিতে মগ্ন ইস্ট বেঙ্গল ফুটবলাররা। প্রিয় দলকে উৎসাহ জোগাতে হাজির জনা কয়েক খুদে অনুরাগী। তবে হঠাৎই তাদের উপর চড়াও কালো উর্দিধারী নিরাপত্তারক্ষীরা। নেতৃত্বে চিফ সিকিউরিটি অফিসার। এমনকী, মিডিয়ার প্রতিনিধিদেরও সরে যেতে বলা হয়। বেলা গড়ালেও সেই ছবিতে কোনও বদল আসেনি। প্রিয় দলের অনুশীলন দেখতে অনুরাগীদের আটকাতে যে তৎপরতা দেখাচ্ছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট, হিজাজিদের খেলায় তার ছিটেফোঁটা নেই। থাকলে পয়েন্ট টেবিলে এতটা খারাপ জায়গায় থাকতে হতো না ইস্ট বেঙ্গলকে। বিগত বছরগুলির মতো এবারও আইএসএলের শেষের দিকেই অবস্থান লাল-হলুদ ব্রিগেডের। ১০ ম্যাচে ঝুলিতে মাত্র সাত পয়েন্ট।  চোটের তালিকায় নাম লিখিয়েছেন দলের একাধিক ফুটবলার। এমন পরিস্থিতিতে মঙ্গলবার আইএসএলে ঘরের মাঠে পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে লড়াইয়ে নামছে অস্কার ব্রুজোঁ ব্রিগেড। প্রতিকূলতার মধ্যেও জয়ে ফিরতে মরিয়া স্প্যানিশ কোচ। চাপ কাটাতে অনুশীলনের শুরুতে মাইন্ড গেমে জোর দেন তিনি।
Advertisement
আইএসএলে টানা ব্যর্থতা ঝেড়ে ক্রমশ ছন্দে ফিরছিল ইস্ট বেঙ্গল। এরইমধ্যে হেক্টর ইউস্তে, সাউল ক্রেসপো আর দিমিত্রিয়স দিয়ামানতাকোসের চোট অনেকটাই পিছিয়ে দেয় দলকে। ওড়িশার বিরুদ্ধে এই তিন বিদেশিকে ছাড়াই দল সাজাতে হয় কোচ অস্কারকে। সেই ম্যাচে হাঁটুতে চোট পেয়ে গোটা মরশুমের জন্য ছিটকে গিয়েছেন মাধি তালাল। চোট আর কার্ড সমস্যায় জেরে প্রথম একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছেন কোচ অস্কার। তবে প্রতিকূলতার মধ্যেও লাল-হলুদ কোচের মন্তব্যে লড়াইয়ের বার্তা। সোমবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি। এই সময় দুটো পথ রয়েছে। এক, গোটা বিষয়টা নিয়ে ভেবে রাতের ঘুম নষ্ট করা। আর দ্বিতীয়, পরিস্থিতির গুরুত্ব বিচার করে নিজেদের স্বাভাবিক খেলা চালিয়ে যাওয়া। আমি সেটাই করার চেষ্টা করছি। পাঞ্জাব এবারের লিগের অন্যতম ধারাবাহিক দল। রক্ষণ থেকে আপফ্রন্ট, সব বিভাগই যথেষ্ট শক্তিশালী। তবে ঘরের মাঠে ভালো ফল মেলে ধরাই আমাদের লক্ষ্য। তাহলেই বোঝা যাবে, আগামী দিনে আমরা কোথায় থাকতে চলেছি।’
চোট সারিয়ে এদিন বল পায়ে অনুশীলন করলেন হেক্টর ও দিয়ামানতাকোস। তবে এখনও ৯০ মিনিট খেলার অবস্থায় নেই গ্রিক স্ট্রাইকার। তাই পাঞ্জাবের বিরুদ্ধে আপফ্রন্টে ক্লেটনের সঙ্গে ডেভিডকে রেখেই দল সাজাবেন অস্কার। প্রয়োজনে দ্বিতীয়ার্ধে দিমিত্রিয়সকে ব্যবহার করবেন। বদল আসছে রক্ষণে। হিজাজি আর হেক্টরকে সেন্ট্রাল ডিফেন্সে রেখে আনোয়ারকে ব্লকার হিসেবে ব্যবহার করতে চলেছেন লাল-হলুদ কোচ।
গতবার যুবভারতীতে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল পাঞ্জাব। এবার অবশ্য পুরো পয়েন্ট তুলে নিতে মরিয়া কোচ পানাগিওটিস দিলমপেরিস। তাঁর কথায়, ‘আমাদের লক্ষ্য প্রতি ম্যাচে উন্নতি করা। সেই মতোই ছেলেরা এগিয়ে চলেছে। ইস্ট বেঙ্গলকে হাল্কাভাবে না নিলেও জয়ের জন্যই ঝাঁপাবে দল।’
 যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। 
সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।
সম্পর্কিত সংবাদ