Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

প্রথম রাউন্ডে জয়ী জেরেভ

প্রথম রাউন্ডে জয়ী জেরেভ
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
মেলবোর্ন: সহজ জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে অভিযান শুরু করলেন আলেকজান্ডার জেরেভ। রবিবার পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে ফ্রান্সের লুকাস পুইলিকে স্ট্রেট সেটে হারালেন দ্বিতীয় বাছাই জার্মান তারকা। তাঁর পক্ষে খেলার ফল ৬-৪, ৬-৪, ৬-৪। ঘাম ঝরিয়ে ম্যাচ জিতলেন ক্যাসপার রুডও। প্রথম রাউন্ডে ষষ্ঠ বাছাই নরওয়ের প্লেয়ার হারালেন জাউমে মুনারকে। পাঁচ সেটের লড়াইয়ে ক্যাসপার জেতেন ৬-৩, ১-৬, ৭-৫, ২-৬, ৬-১ ফলে। তবে হতাশ করলেন ভারতীয় খেলোয়াড় সুমিত নাগাল। তিনি স্ট্রেট সেটে হারলেন টমাস মাচেনের কাছে। মহিলাদের সিঙ্গলসে সহজ পেলেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। বেলারুশ তারকা ৬-২, ৬-২ সেটে বশ মানালেন আমেরিকার স্কোয়ানে স্টিফানোসকে।
Advertisement
এদিকে, ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে সোমবার অভিযান শুরু করতে চলেছেন নোভাক জকোভিচ। তাঁর প্রতিপক্ষ ভারতীয় বংশোদ্ভুত মার্কিন তরুণ নিশেষ বাসবরেড্ডি। এই প্রথম বড় মঞ্চে নামতে চলেছেন নিশেষ। আর প্রথম ম্যাচেই জোকারের সামনে তিনি। তাই ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত বলেই মনে করছেন অনুরাগীরা। তবে সার্বিয়ান মহাতারকার সাম্প্রতিক ফর্ম খুব ভালো নয়। গত বছর তাঁর সাফল্য বলতে ওলিম্পিকসের সিঙ্গলসে সোনা। তাই খরা কাটাতে মরিয়া জকোভিচ। এছাড়া সোমবার অভিযান শুরু করছেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই জানিক সিনার। চিলির নিকোলাস জেরির বিরুদ্ধে খেলবেন তিনি। তবে জোকারের পরেই পুরুষদের সিঙ্গলসে সেরা আকর্ষণ কার্লোস আলকারাজ। একই দিনে মেলবোর্ন পার্কের সেন্টার কোর্টে নামবেন তিনিও। স্প্যানিশ তরুণের ঝুলিতে রয়েছে চারটি গ্র্যান্ড স্ল্যাম। চারটি মেজর টুর্নামেন্টের মধ্যে অধরা শুধুমাত্র অস্ট্রেলিয়ান ওপেন। গতবার এই কোর্টে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন আলকারাজ। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে পৌঁছনো স্প্যানিশ তারকার প্রথম প্রতিপক্ষ আলেকজান্ডার সেভচেঙ্কো।
সম্পর্কিত সংবাদ