Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পুরীর মন্দিরে পুজো বরুণদের

পুরীর মন্দিরে পুজো বরুণদের
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কটক: পুরীর মন্দিরে শনিবার ভোরবেলায় হঠাৎ চাঞ্চল্য। ভারতের তিন স্পিনার— অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও বরুণ চক্রবর্তী হাজির পুজো দিতে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচের আগে জগন্নাথদেবের আশীর্বাদ নেওয়াই উদ্দেশ্য। কড়া নিরাপত্তা বেষ্টনী থাকলেও সঙ্গে সঙ্গে ভিড় জমে যায় জাতীয় দলের ক্রিকেটারদের দেখতে। পুজো দিয়ে বেরনোর সময় সুন্দর বলেন, ‘খুব ভাল দর্শন হয়েছে।’
Advertisement
নাগপুরে বাটলারদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে সুযোগ পাননি সুন্দর। রবিবারও তাঁর খেলার সম্ভাবনা কম। এই ফরম্যাটে বরুণ চক্রবর্তীর অভিষেকও হয়তো কটকে হচ্ছে না। তবে গত ম্যাচে ব্যাটে-বলে দারুণ সফল অক্ষর প্যাটেল। ফলে তাঁর উপর আস্থা অটুট থাকা উচিত। অতএব বোলিং বিভাগে কোনও পরিবর্তন হবে না বলেই মনে করছেন প্রাক্তন পেসার জাহির খান। এক ক্রিকেট ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘ভারত নিশ্চিতভাবেই এখানে সিরিজ পকেটে পুরতে চাইবে। চোট সারিয়ে ফিরেছে মহম্মদ সামি। ওর খেলা জরুরি। সামিকে তিনটি ম্যাচেই খেলানো দরকার। অভিষেকে নজর কেড়েছে হর্ষিত রানা। তাই কোনও বদলের প্রয়োজন নেই বোলিং বিভাগে।’ 
ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানিয়েছেন, চোট সারিয়ে উঠে কটকে খেলছেন বিরাট কোহলি। অধিনায়ক রোহিত শর্মার ফর্ম নিয়ে উদ্বেগও উড়িয়ে দিয়েছেন তিনি। সীতাংশুর কথায়, ‘আমি তো অন্তত রোহিতের ফর্ম নিয়ে চিন্তার কিছু দেখছি না। এই ফরম্যাটে ৩১টি সেঞ্চুরি রয়েছে ওর। কখনও কখনও খারাপ সময় যেতেই পারে ক্রিকেটারের। আর একদিনের ক্রিকেটে রোহিতের রেকর্ড রীতিমতো উজ্জ্বল।’ নাগপুরে ভারতের দুই ওপেনারই ব্যর্থ। অভিষেকে রান পাননি যশস্বী জয়সওয়াল। কিন্তু তিনে শুভমান গিল, চারে শ্রেয়স আয়ার ও পাঁচে অক্ষর প্যাটেলের হাফ-সেঞ্চুরি জয়ের রাস্তা গড়ে দেয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ